
নিউজ ডেস্কঃ পদ্মা বহুমুখি সেতুর রেলওয়ে গার্ডার স্থাপন শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শরিয়তপুরের জাজিরা প্রান্তে জে-২ এবং জে-৩ পিলারে রেলওয়ে গার্ডার বসানো শুরু হয়। ইতিমধ্যে একটি গার্ডার সফলভাবে স্থাপন করা হয়েছে। এই পিলারে বসবে আরো ৫টি আই (শুধু রেলের জন্য) গার্ডার। জাজিরা প্রান্তে ভায়াডাক্টে রেল চলাচলের জন্য এসব রেলওয়ে গার্ডার বসানো হচ্ছে। জাজিরা প্রান্তে ২৬৬ মিটার রেলওয়ে গার্ডার বসানো হবে। পদ্মা সেতুর দায়িত্বশীল এক প্রকৌশলী জানান, রেলওয়ে গার্ডার বসবে শুধু ভায়াডাক্টে। মোট ৮৪টি রেলওয়ে গার্ডার বসবে। এর মধ্যে ৩৬টি তৈরি হয়ে গেছে। বাকীগুলো তৈরির কাজ চলছে। জাজিরা প্রান্তে ভায়াডাক্টের ৭টি পিলারে বসানো হবে ৩৮ মিটার দৈর্ঘ্য এবং ২ দশমিক ২০ মিটারের আই গার্ডার। এর উপরের অংশের প্রস্থ শূন্য দশমিক ৬০ মিটার এবং পাদদেশ এর প্রস্থ শূন্য দশমিক ৮০ মিটার। একটি পিলার থেকে আরেকটি পিলার পর্যন্ত ৬টি গার্ডার বসানো হবে। জাজিরা প্রান্তে মোট গার্ডার বসানো হবে ৪২টি। গার্ডার বসানো জন্য সব পিলার প্রস্তুত করা হয়েছে।