News71.com
 Bangladesh
 19 Apr 19, 07:37 AM
 67           
 0
 19 Apr 19, 07:37 AM

বরিশালের পর এবার সিলেট বিএনপি পূনর্গঠনে উদ্যোগী তারেক রহমান॥

বরিশালের পর এবার সিলেট বিএনপি পূনর্গঠনে উদ্যোগী তারেক রহমান॥

নিউজ ডেস্কঃ বরিশালের পর এবার সিলেট বিএনপি পূনর্গঠনে উদ্যোগী হলেন শীর্ষ নেতা, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জেলা কমিটির পরিধি হওয়ার কথা ১৫১ জনের। কিন্তু সিলেট জেলা বিএনপির কার্যক্রম চলছে ২৮৫ সদস্য দিয়ে। ঢাউস এই কমিটির কথা শুনে বিস্মিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গঠনতন্ত্র উপেক্ষা করে বৃহৎ এই কমিটি গঠনের ব্যাখ্যা চেয়েছিলেন তারেক। দলের নেতারা নিজেদের মতো জবাবও দিয়েছেন। কিন্তু তাতে খুব একটা সন্তুষ্ট হননি তারেক রহমান। নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে জেলা বিএনপি পুনর্গঠনের। গঠনতন্ত্রের নির্দেশনার বাইরে একজন সদস্যও যেন না রাখা হয় তা সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

উল্লেখ্য গত ৮ এপ্রিল ঢাকায় সিলেট জেলা বিএনপির নেতাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে বৈঠকের পর এই নির্দেশনা দিয়েছেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা পেয়েই দল পুনর্গঠনের কাজ শুরু করে দিয়েছেন সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতারা। আগামীতে কমিটির পরিসর ছোট হওয়ার ইঙ্গিত পেয়ে বর্তমান কমিটির প্রায় দেড় শতাধিক নেতা এখন আছেন পদ-পদবি হারানোর আতঙ্কে।


দলীয় সূত্রে জানা যায়, সিলেটের সাংগঠনিক সর্বশেষ অবস্থা জানতে গত ৮ এপ্রিল ঢাকায় সিলেট জেলা বিএনপির শীর্ষ ৯ নেতাকে তলব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যে অবস্থানরত তারেক সিলেটের নেতাদের সঙ্গে কথা বলেন স্কাইপে। প্রায় দুই ঘণ্টার বৈঠকে জেলা, উপজেলা ও পৌর কমিটির তথ্য নেন তারেক। ১৫১ সদস্যের স্থলে ২৮৫ সদস্যের জেলা কমিটির কথা শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি। গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের কারণও জানতে চান তারেক রহমান। তখন বিএনপি নেতারা জানান, ১৪ বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় অনেকেই পদ-পদবি বঞ্চিত ছিলেন। তাদের মূল্যায়ন করতেই ২০১৭ সালের ২৬ এপ্রিল এ কমিটি গঠন করা হয়েছিল।


শুধু বিএনপি নয়, দলের ৯টি অঙ্গ ও ২টি সহযোগী সংগঠনকেও ঢেলে সাজানোর উদ্যোগ নিতে বিএনপি নেতাদের নির্দেশ দেওয়া হয়। কোন অঙ্গ, সহযোগী সংগঠনের সাংগঠনিক অবস্থা কেমন তা আগামী ৩০ এপ্রিলের মধ্যে তার কাছে পাঠাতে বলেন তারেক। তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। তিনি জানান, সাংগঠনিক অবস্থা জানাতে একটি ফরম্যাট তৈরি করে তা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের কাছে পাঠানো হয়ে গেছে। নির্দেশনা অনুযায়ী ৩০ এপ্রিলের মধ্যে জেলার আওতাধীন ১৩টি উপজেলা ও ৪টি পৌর কমিটি গঠন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন