
নিউজ ডেস্কঃ চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই জরুরি এক সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, মে মাসের শুরুর দিকেই এ সফরের সম্ভাব্য সময় জানিয়ে ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে নয়াদিল্লি। ঢাকা সফরকালীন সময়ে অন্যান্য কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করতে চেয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।
ঠিক কি কারণে ভারতের পররাষ্ট্র সচিবের এ সফর হতে যাচ্ছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য ২০১৮ সালের জানুয়ারিতে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান বিজয় গোখলে। এরপর গত বছরের এপ্রিলে তিনি বাংলাদেশ সফর করেন। এরপর গত ডিসেম্বরের শেষভাগে বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক অনিয়মের অভিযোগ এনে দেশের প্রধান বিরোধীদল বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সেই নির্বাচনের ফলকে প্রত্যাখ্যান করে । বর্তমানে তারা দুর্নীতির মামলায় অভিযুক্ত কারাবন্ধি অসুস্থ খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন সহ নানান কর্মসুচি পালন করছে। সংশ্লিষ্ট কূটনীতিকরা জানান, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে। এরই মধ্যে দেশটির পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অবশ্যই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।