
নিউজ ডেস্কঃ দলের তৃণমূল পর্যায়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অনুপ্রবেশ নিয়ে চিন্তিত আওয়ামী লীগ। তবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পরিস্থিতি কাটিয়ে ওঠার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচন, স্থানীয় পর্যায়ে দলের কোনো নেতার প্রভাব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিভিন্ন সময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আওয়ামী লীগে অনুপ্রবেশের ঘটনা দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে। এর ফলে দলের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় চিন্তিত ও উদ্বিগ্ন বলে দলীয় সূত্র জানায়। বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে এবং দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নীতির্ধারণী পর্যায়ের নেতারা জানান, বিএনপি ও জামায়াত থেকে অনেকেই বিভিন্নভাবে আওয়ামী লীগে এসে ভিড়ছেন। স্থানীয় নেতাদের কেউ কেউ নিজেদের গ্রুপ ভারী করতে তাদের স্থান করে দিচ্ছেন এবং কাছে টানছেন। এতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও বাড়ছে। অনুপ্রবেশকারীরা আওয়ামী লীগে যোগ দিলেও আওয়ামী লীগের রাজনীতি ও আদর্শ ধারণ করেনি। পুরোনো রাজনৈতিক আদর্শ ও অপকর্ম থেকেও বেরিয়ে আসেনি। যার ফলে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে যার দায়ভার আওয়ামী লীগের ওপরই পড়ছে। এবারের উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ব্যাপক হারে প্রার্থী হওয়া এবং সেই প্রার্থীকে দলের স্থানীয় পর্যায়ের কোনো কোনো গুরুত্বপূর্ণ নেতা, এমপি ও মন্ত্রীরা সমর্থন দিয়েছেন। এতে স্থানীয় পর্যায়ে নতুন করে অভ্যন্তরীণ কোন্দল তৈরি হয়েছে। বিষয়টি দলের জন্য উদ্বেগজনক। এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন তাদের চিহ্নিত করে তালিকা করা হয়েছে। তালিকায় এক থেকে দেড়শো জনের নাম রয়েছে। তবে এদের ব্যাপারে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে। অচিরেই এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার চিঠি দেওয়া হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। সার্বিক পরিস্থিতি কাটিয়ে দলে শৃঙ্খলা ফিরিযে আনতে সিনিয়র নেতাদের নেতৃত্বে ৮ বিভাগে যে ৮টি টিম করা হয়েছে অচিরেই টিমগুলো কাজ শুরু করবে।