News71.com
 Bangladesh
 12 Apr 19, 02:14 PM
 93           
 0
 12 Apr 19, 02:14 PM

জনবল সংকটে রয়েছে রাজবাড়ীর দুইটি রেল রুট।

জনবল সংকটে রয়েছে রাজবাড়ীর দুইটি রেল রুট।

নিউজ ডেস্কঃ জনবল সংকটে রয়েছে রাজবাড়ী-ফরিদপুর ও রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেল রুটের ২২টি স্টেশন। এই দুটি রেল রুটে মোট ৬৪ জন স্টেশন মাস্টার থাকার কথা, কিন্তু কর্মরত আছেন মাত্র ১৩ জন। এর মধ্যে ১৫টি রেল স্টেশনে নেই ষ্টেশন মাস্টার। জনবল সংকটে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে রুট দুইটি। রাজবাড়ী রেল ষ্টেশন মাস্টাররে কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-ফরিদপুর রেলপথে ৭টি স্টেশন রয়েছে। ৩০ কিলোমিটার দূরত্বের রেলপথের শুধুমাত্র রাজবাড়ী, পাঁচুরিয়া ও ফরিদপুর স্টেশন মাস্টার রয়েছে। রাজবাড়ীতে ৪টি পদের বিপরীতে কর্মরত আছে ২জন, ফরিদপুরে ৩টি পদের বিপরীতে ডেপুটিশনে একজন কাজ করছেন। পাঁচুরিয়াতে দুটি পদে বিপরীতে দুইজন স্টেশন মাস্টার কর্মরত রয়েছে। অপর চারটি রেলস্টেশনে কোনো স্টেশন মাস্টার নেই। লোকসানের কারণে ১৯৯৮ সালে রাজবাড়ী-ফরিদপুর রেলপথ বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরীক্ষামূলক ভাবে রাজবাড়ী-ফরিদপুর রেলপথ চালু করা হয়। এ রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনটিকে গত বছর মেইল ট্রেনে রূপান্তর করা হয়েছে।

অপরদিকে রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেলপথে রেল ষ্টেশন রয়েছে ১৫ টি। এই পথের দূরত্ব ৯৪ কিলোমিটার। রেল স্টেশনগুলোর মধ্যে কালুখালী, মধুখালী, বোয়ালমারী ও ভাটিয়াপাড়ায় স্টেশন মাস্টার আছেন। বাকি ১১টি রেলস্টেশনে কোনো স্টেশন মাস্টারের পদ মঞ্জুরি হয়নি। রাজবাড়ী রেলস্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, রাজবাড়ী রেলস্টেশনে দুইজন স্টেশন মাস্টার কর্মরত আছেন। এছাড়া পোর্টার, বিশ্রামাগার এটেনডেন্ট, কেবিনম্যান, ট্রেনের ক্লার্ক ও স্টেশন সহকারী পদেও সংকট রয়েছে। স্টেশন গুলোতে মাস্টার না থাকায় সেখানে ট্রেন ক্রসিং করা যায় না। অন্য স্টেশনে ক্রসিং করতে সময়ের অনেক অপচয় হয়। রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা ডিটিও আবদুল্লাহ-আল-মামুন বলেন, জনবল না থাকায় রেলস্টেশন গুলো বন্ধ হয়ে যাচ্ছে। ইতি মধ্যে পূর্ব অঞ্চলের ১২৪টি রেল স্টেশনের মধ্যে ৫২টি ইতিমধ্যে বন্ধ হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আশেক হাসান বলেন, দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় নিয়োগ প্রক্রিয়ায় বন্ধ ছিলো। সম্প্রতি রেলওয়ের স্টেশন মাস্টারসহ বিভিন্ন পদে একটি বড় নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। চলতি এপ্রিল মাসের ৪ তারিখে রাজবাড়ী রেল স্টেশন পরিদর্শনে আসেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি জানান, ২০১৫ সালে একটি মামলাজনিত জটিলতায় নিয়োগ হয়নি রেল বিভাগে। মামলার জটিলতা শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন