
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের স্বার্থে সারা জীবন রাজনীতির মাঠেই থাকবো। সবাইকে নিয়েই রাজনীতি করবো এবং দলের শৃংখলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে উপস্থিত নেতা-কর্মীদের সাথে অনির্ধারিত বৈঠকে তিনি একথা বলেন।তিনি বলেন, পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যতদিন বেঁচে আছেন তিনিই আমাদের নেতা। কিন্তু উত্তারাঞ্চলের মানুষ মনে করেন হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির নেতৃত্ব তারই পরিবার এবং রংপুর থেকেই হতে হবে। দেশের মানুষ ও পার্টির নেতা-কর্মীরা এমন নেতৃত্বই আশা করেন।
তিনি আরও বলেন, অবশ্যই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দেশের স্বার্থেই জাতীয় পার্টি টিকে থাকবে। জাতীয় পার্টি হচ্ছে বাংলাদেশের ইতিবাচক রাজনীতির নিয়ামক শক্তি। বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, হাসিবুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ শফি, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, যুগ্ম পরিবার পরিকল্পনা সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সরকার প্রমুখ।