News71.com
 Bangladesh
 11 Apr 19, 12:57 PM
 206           
 0
 11 Apr 19, 12:57 PM

জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন আইন তৈরির প্রস্তাব সিইসির॥

জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন আইন তৈরির প্রস্তাব সিইসির॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন করে আইন তৈরির প্রস্তাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গতকাল বুধবার কমিশনের এক সভায় সিইসি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-এ অনেক সংশোধন ও পরিবর্তন এসেছে। এখন নতুন আইন তৈরি করতে কমিশন সচিবালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। কমিশন সূত্রে জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর বাংলা অনুবাদসহ ৮টি বিধিমালায় সংশোধনী সংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন ইসিতে জমা দেয়া হয়েছে। সংশোধনীসহ ওই বাংলা অনুবাদটি আইনে রূপান্তর করার জন্য কমিশন সভায় তোলা হয়েছিল। এ অবস্থায় সংশ্লিষ্ট মহল গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ রহিত করে নতুন আইন করার বিষয়ে পরামর্শ দিয়েছে। তবে এ নিয়ে খোদ কমিশনের কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার মহোদয় একটি নতুন আইন করার কথা বলেছেন। তবে আরপিও বাংলায় অনুবাদ হবে নাকি জাতীয় নির্বাচনের জন্য নতুন আইন করা হবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। কমিশনের আগামী সভায় এ বিষয়ে আলোচনা হবে।’ গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ সংশোধন বা পরিবর্তন করা প্রসঙ্গে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রেডিও তেহরানকে বলেন, এ সংক্রান্ত আইন জাতীয় সংসদে পাস হতে হবে বা রাষ্ট্রপতি অধ্যাদেশ বলে জারি হতে পারে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কোন খসড়া তৈরির উদ্যোগ নেবার আগে রাজনৈতিক দলগুলির সাথে পরামর্শ করতে হবে বা রাজনৈতিক দলের কাছ থেকে ইতোমধ্যে যে সকল সংশোধনী প্রস্তাব পাওয়া গেছে সেগুলি বিবেচনায় নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন