
নিউজ ডেস্কঃ আর মাত্র কয়েকদিন পর বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ উপলক্ষে ইতিমধ্যে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিচা ঘাটে ইলিশের দামে লেগেছে বৈশাখের ঝড়ো হাওয়া। গতকাল বুধবার সকালে আরিচা ঘাটের মাছের আড়ত গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পদ্মার ইলিশের চাহিদা বেশি থাকায় বাজারে ইলিশের দাম ছিল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সাত দিনের ব্যবধানে ইলিশের দাম কেজি প্রতি বেড়েছে সাতশ থেকে আটশ টাকা পর্যন্ত। বড় সাইজের এক কেজি ওজনের ইলিশ তিন হাজার টাকা, আধা কেজি ওজনের ইলিশ বারোশ থেকে পনেরোশ টাকা এবং এর চেয়ে ছোট সাইজের ইলিশ প্রতি কেজি সাতশ টাকা দরে বিক্রি হয়েছে।
ঢাকা থেকে ইলিশ কিনতে আসা একজন জানান , পহেলা বৈশাখ উপলক্ষে পদ্মার ইলিশ কেনার জন্য আরিচা ঘাটে মাছের আড়তে এসেছি। কিন্তু ইলিশের দাম এত বেশি হবে ভাবতে পারিনি। নবীনগর থেকে আসা জলিল মিয়া জানান, ইলিশের দাম বাড়ার কোনো কারণ দেখিনা। দুই সপ্তাহ আগে যে ইলিশ সাতশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেই ইলিশ এখন পনেরোশ টাকা। মাছ বিক্রেতা ভরত হালদার জানান, বাজারে ইলিশের সরবরাহ কম। তাই বাড়তি দামে ইলিশ বিক্রি করতে হচ্ছে। তবে পহেলা বৈশাখের পর ইলিশের দাম আবার স্বাভাবিক হবে।