
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশ চমকপ্রদ সামষ্টিক-অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন দুই অঙ্কের জিডিপি প্রবৃদ্ধি অর্জন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গঠন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে সক্ষম এমন টেকসই উন্নয়ন নিশ্চিত করার মতো বড় স্বপ্ন দেখছে। এদেশের নাগরিকরা এখন তাদের নিত্য দিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে মানসম্পন্ন সেবা প্রত্যাশা করেন। একটি সর্বব্যাপী ডিজিটাল সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে সক্ষম এমন অনুপ্রেরণাদায়ী নেতৃত্বই কেবল জনগণের এ প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। গতকাল ৯ এপ্রিল কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে লিডারশিপ ডেভেলপমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ইনক্লুশন ইন এ ডিজিটাল এরা শীর্ষক বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি দেবাশীষ শর্মা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ আসকারিসহ উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. আতিউর রহমান আরও বলেন, আজকের ডিজিটাল যুগে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো দ্রুত বিকশিত হচ্ছে এবং এই প্রেক্ষাপটে নেতৃত্বের চ্যালেঞ্জও বাড়ছে। ফলে যারা ভবিষ্যতে নেতৃত্বে আসবে তাদের বেশ আগেই সনাক্ত করতে হবে এবং যত্নের সঙ্গে গড়ে তুলতে হবে। এই নতুন নেতৃত্ব দলগতভাবে কাজ করার সংস্কৃতি গড়ে তোলা, নতুন প্রতিভা দলে যুক্ত করা এবং অভিজ্ঞতা সমৃদ্ধ প্রবীণদের জ্ঞানকে কাজে লাগানোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে নতুন শক্তি সঞ্চার করবে। আলোচনার ধারাবাহিকতায় ড. আতিউর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে প্রায় ৭ বছর দায়িত্ব পালন করার সময় তিনি নিজে যেভাবে দেশের আর্থিক সেবা খাতের নেতৃত্ব দিয়েছেন সে অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, সে সময় আর্থিক অন্তর্ভুক্তি অর্থাৎ সকলের জন্য উপকারী এবং সাশ্রয়ী আর্থিক সেবা নিশ্চিত করাই ছিল নেতৃত্বের মূলমন্ত্র। আর তাই সারা বিশ্বেই বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ব্যাপকভিত্তিক উন্নয়নের নীতি কৌশল প্রশংসিত হয়েছে। ড. আতিউর আরও বলেন, ব্যাপকভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তির কৌশল এক দিকে মানুষের সক্ষমতা বৃদ্ধি করেছে, অন্যদিকে মানবিক উন্নয়নের সহায়ক পরিবেশও নিশ্চিত করতে পেরেছে। এ সময় তিনি গভর্নরের দায়িত্ব পালন করার সময় যে সমস্ত প্রাতিষ্ঠানিক পরিবর্তন করেছেন এবং তার ফলে কিভাবে আর্থিক অন্তর্ভুক্তি দেশের মূল ধারার নীতি আলোচনার বিষয়ে পরিণত হয়েছে তা তুলে ধরেন।