News71.com
 Bangladesh
 09 Apr 19, 01:59 PM
 163           
 0
 09 Apr 19, 01:59 PM

গুলশানে ১০০০ সিসিক্যামেরা সম্বলিত কন্ট্রোলরুম ও স্মার্ট পার্কিং সিস্টেমের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গুলশানে ১০০০ সিসিক্যামেরা সম্বলিত কন্ট্রোলরুম ও স্মার্ট পার্কিং সিস্টেমের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটিকে নিরাপত্তার চাদরে ঢাকতে পুরো এলাকায় সিসিক্যামেরা নজরদারি কার্যক্রম এবং স্মার্ট পার্কিং সিস্টেমের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। গত সোমবার (৮ এপ্রিল ২০১৯) সন্ধ্যা সাতটায় রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিন এর গ্র্যান্ড বলরুমে ‘ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেটর কমিটি (এলওসিসি)’ আয়োজিত অনুষ্ঠানে সিসি ক্যামেরা কার্যক্রম ও স্মার্ট পার্কিং সিস্টেমের উদ্বোধন করা হয়। গুলশান এলাকায় নতুন ৫০০ সিসিক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া পুরনো ৫শ’ সিসি ক্যামেরা রিপ্লেস করা হয়েছে। সেই সাথে গুলশান এলাকায় যত্রতত্র কার পার্কিং যাতে না হয়, সেজন্য একটি স্মার্ট পার্কিং জোন করা হয়েছে। গুলশানের ১০২ নম্বর রোডে স্থাপিত কন্ট্রোলরুম থেকে ৪২টি মনিটর দিয়ে ১০০০ সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডিএমপি’র চৌকস অফিসাররা ২৪ ঘন্টা এই ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, আমরা পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে আবৃত্ত করতে চাচ্ছি। সিসি ক্যামেরা, ট্রাফিক কন্ট্রোল, ফায়ার কন্ট্রোল সব মিলিয়ে ঢাকা মহানগরীকে সেইফ সিটি হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, যেভাবে আমরা ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চাই, নিরাপদ করতে চাই, আমরা অবশ্যই পারব। সারা বিশ্বের উন্নত শহরগুলোকে যেভাবে সেইফ সিটি করা হয়েছে। আমরাও প্রথমে ঢাকা তারপর চট্টগ্রাম, পর্যায়ক্রমে দেশের প্রধান শহরগুলোকে সেইফ সিটি হিসেবে গড়ে তুলব। অনুষ্ঠানে এলওসিসি’র সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে পুলিশ’র আইজিপি বলেন, আপনারা আপনাদের এলাকা নিরাপদ করতে যে বিনিয়োগ করেছেন তার সুফল আপনারা ভোগ করছেন। এ সময় গুলশানের মতো পুরো ঢাকাকে নিরাপদ করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এ সময় ডিএমপি কমিশনার বলেন, আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা বিদেশে প্রশংসিত হয়েছে। বাংলাদেশ পুলিশ এই সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঢাকা শহরকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা ডিজিটাল এই সিস্টেমের মাধ্যমে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটিকে নিরাপত্তা দিতে পারব। ঢাকা-১১ আসনের এমপি একেএম রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম (বার), ডিএমপি কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম, বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি রুবানা হক প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন