
নিউজ ডেস্কঃ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ওই উপজেলার মাহিলাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম লিটন খান (৩০)। তিনি গৌরনদী উপজেলার বাহাদুরপুর গ্রামের নজরুল খানের ছেলে। ময়না তদন্তের জন্য লাশ বরিশাল মর্গে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে লিটন খান ভাড়ায় চালিত মোটর সাইকেল নিয়ে গৌরনদী থেকে মহিলাড়া যাচ্ছিলো। এ সময় বিপরীতমুখি একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে লিটন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।