
নিউজ ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা টেলি সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ । প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী এ অভিনেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান, রাষ্ট্রপতি এক শোক বার্তায় রাষ্ট্রপতি টেলি সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, দেশের জনগণ চলচ্চিত্র ও নাটকে তার অবদান দীর্ঘদিন স্মরণ করবে। রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা টেলি সামাদ। ৪ এপ্রিল জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে চ্যানেল আই অনলাইন জানিয়েছেন টেলি সামাদের বড় মেয়ে সোহেলা সামাদ। ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। ভাত দে, রঙিন রূপবান, অশিক্ষিত, গোলাপী এখন ট্রেনে, কেয়ামত থেকে কেয়ামতসহ বেশকিছু ছবিতে তার অভিনয় দাগ কেটে গেছে বাংলার দর্শকের মনে।