
নিউজ ডেস্কঃ নৌ-যোগাযোগে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো গভীর হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের দুই দেশের সম্পর্ক দীর্ঘ দিনের। বাংলাদেশ থেকে কলকাতা এবং কলকাতা থেকে বাংলাদেশ দুটি জাহাজ কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়া চলাচল করেছে। আমরা এতে সন্তুষ্ট। খালিদ বলেন, আগামীতে আরো অত্যাধুনিক ক্রুজ যাতে এতে সম্পৃক্ত হয় সেটা নিয়ে পরিকল্পনা করা হবে। পরীক্ষামূলক জাহাজ চলাচলে আমরা সফল হয়েছি। এবার বাণিজ্যিকভাবে দুই দেশে জাহাজ চলাচলের ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা মেরি এন্ডারসনে এসব কথা বলেন তিনি। এর আগে বিকেল ৫টায় ভারতের কলকাতা থেকে পর্যটকবাহী জাহাজ আর ভি বেঙ্গল গঙ্গা মেরি এন্ডারসনে পৌঁছুলে সেখানে থাকা পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে নৌ পথে ক্রুজ সার্ভিস চালু হওয়ার পর সেই সম্পর্ক আরো গভীর হচ্ছে। নৌ পথে যাত্রা একটি মাইলফলক হয়ে থাকবে। ভালো একটি সূচনা হয়েছে ভ্রমণের। যারা ক্রুজ যাত্রা পছন্দ করে তারা ভারতে যাতায়াত করবে। এটাকে আমাদের নিয়মিত করতে হবে। ইতোমধ্যে ভিসা প্রদানও বেশ সহজ হয়েছে।মেরি এন্ডারসনে আসা ভারতের জাহাজটিতে আমেরিকা, ইংল্যান্ড, ইতালি ও অষ্ট্রেলিয়ার ছয়জন পর্যটকসহ ১৯ জন যাত্রী ও ৩০ জন ক্রু ছিল। এদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের উপদেষ্টা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়া দীপক বড়ুয়া, ইন্ডিয়া ওয়াটার ট্রান্সপোর্ট অথোরিটির আইডব্লিউআই সাবেক চেয়ারম্যান নোটন গুহ বিশ্বাস, আর ভি বেঙ্গল গঙ্গার চেয়ারম্যান রাজ সিংসহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও রয়েছেন।