News71.com
 Bangladesh
 06 Apr 19, 04:09 PM
 91           
 0
 06 Apr 19, 04:09 PM

সরকার হুড়মুড় করে পরে যাবে : রুহুল কবির রিজভী  

সরকার হুড়মুড় করে পরে যাবে : রুহুল কবির রিজভী   

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজ শনিবার বেলা দেড়টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজ আইন-আদালত-প্রশাসন-নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান এক দলীয় বাকশালী ব্যবস্থার অধীন। বাকশালী চেতনাধারীরা এখন গণতন্ত্রকে সাদা কাফনে পেঁচিয়ে ফেলে গণতান্ত্রিক শক্তির প্রতীক বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করে প্রতিহিংসা চরিতার্থ করছেন।

তিনি বলেন, বেগম জিয়ার ওপর অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন চালিয়ে বিনা চিকিৎসায় তাকে তিল তিল করে মৃত্যুপথযাত্রী করছেন। কয়েকদিন আগে বিএসএমএমইউ-এর কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক গণমাধ্যমকে বলেছেন ‘বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে যে কোন সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা খুবই খারাপ এবং খুবই উদ্বেগজনক।’ তারা সকলেই বেগম জিয়াকে উন্নত চিকিৎসা দেয়ার সুপারিশও করেছেন।

রিজভী আরও বলেন, সরকার দেশনেত্রীর জীবন নিয়ে তামাশা শুরু করেছেন। এখন হাসপাতাল কর্তৃপক্ষও সরকারের সুরে তাল মেলাচ্ছেন। স্বৈরাচারদের বন্দীদশা থেকে যিনি বারবার গণতন্ত্র ফিরিয়ে আনতে আপোসহীন লড়াই চালিয়েছেন তাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে পৃথিবী থেকে বিদায় করতেই যাবতীয় আয়োজন করা হচ্ছে বলে জনমনে গভীর সংশয় দেখা দিয়েছে। মিছিলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধাারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কেন্দ্রীয় নেতা সাদরাজ জামান, এস এম জিলানী, ফখরুল ইসলাম রবিন প্রমুখ অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন