
নিউজ ডেস্কঃ মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ-চরহোগলা গ্রাম এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ৩ জন পুলিশ সদস্য, ১ মাদ্রাসা শিক্ষক ও ১০ জন আনসার সদস্যসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে ওই ট্রলারডুবির ঘটনায় চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও ইউসিবি ব্যাংক মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দীন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পিএসআই সেলিম মিয়া ও মহিলা আনসার সদস্য রিতা আক্তার নিখোঁজ রয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের মেঘনা নদীবেষ্টিত চরকিশোরগঞ্জ-চরহোগলা এলাকার চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে কেন্দ্র থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যদের বহনকারী একটি ট্রলার সোনারগাঁও উপজেলা পরিষদে ফিরছিল। ট্রলারটি মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে এসে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।