News71.com
 Bangladesh
 29 Mar 19, 01:55 PM
 125           
 0
 29 Mar 19, 01:55 PM

গণশক্তির কাছে সরকার নতজানু হয়ে পড়বে: বিএনপি নেতা রিজভী

গণশক্তির কাছে সরকার নতজানু হয়ে পড়বে: বিএনপি নেতা রিজভী

নিউজ ডেস্কঃ গণশক্তির কাছে এই সরকার অল্প কিছুদিনের মধ্যেই নতজানু হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, 'গণশক্তির কাছে এই সরকার অল্প কিছুদিনের মধ্যেই নতজানু হয়ে পড়বে। জনগণ সব শক্তি দিয়ে সরকারের এই অপশাসন রুখে দেবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে কারামুক্ত করতে এখন সংগ্রামী জনতা রাজপথে ধেয়ে আসছে।'

তিনি বলেন, '৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলা হয়েছে। নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের পথে যাতে কোনো ধরনের কাঁটা না থাকে সেজন্য খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তার জীবন এখন চরম সংকটের মধ্যে। অবহেলা ও বিনা চিকিৎসায় কারাগারে তাকে এক বিভীষিকাময় পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি এখন জীবন-মরণের সন্ধিক্ষণে।' বিএনপির এই নেতা আরও বলেন, 'সরকার কর্তৃক খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসাকে বাধাগ্রস্ত করা দুরভিসন্ধিমূলক। তারা জনগণের ক্ষমতাকে কেড়ে নিয়ে জনগণের স্বাধীনতাকে হরণ করেছে।' এর আগে খালেদা জিয়ার মুক্তি দাবিতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে কার্যালয়ের সামনে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন