News71.com
 Bangladesh
 29 Mar 19, 07:56 AM
 153           
 0
 29 Mar 19, 07:56 AM

আন্দোলনের সময় নেই, এখনই পরিবর্তন চাই সরকারের॥ ডঃ কামাল হোসেন

আন্দোলনের সময় নেই, এখনই পরিবর্তন চাই সরকারের॥ ডঃ কামাল হোসেন

নিউজ ডেস্কঃ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, উন্নয়নের নামে কত হাজার কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে? কোত্থেকে কত টাকা ঋণ নিচ্ছেন-তার কত সুদ দিতে হবে জানান। তিনি বলেন, চ্যালেঞ্জ করে বলতে পারি সরকার এ হিসাব দেবে না। ড. কামাল বলেন, সরকারের পরিবর্তন এখনই চাই। অন্য কোনোভাবে আমরা সরকার পরিবর্তন চাই না। নির্বাচন দেন। যদি বুকের পাটা থাকে এখনই নির্বাচন ঘোষণা করেন। নিরপেক্ষ ইসির অধীনে সে নির্বাচন হতে হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ। ড. কামাল হোসনে বলেন, উন্নয়ন প্রকল্পগুলোতে ঋণের টাকার অপচয় হচ্ছে। ১০০ টাকার জিনিস ১০০ টাকায় কেনা হচ্ছে। অপচয় হচ্ছে। অর্থনীতিবিদরা আমাদের অঙ্ক করে দেখাচ্ছেন, এসব ঋণের সুদের যে বোঝা-তা সামলানো কতটা কঠিন হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরও কী আমরা বলতে পারছি, আমরা স্বাধীন? আমাদের কথা বলার মত প্রকাশের চিন্তার স্বাধীনতা কী আছে? স্বাধীনতা মানে কী শুধু একটি পতাকা ও মানচিত্র? তিনি আরও বলেন, আজ উদ্বেগ মাথাচাড়া দিয়ে উঠছে। প্রধানমন্ত্রী বাকশালের প্রশংসা শুরু করেছেন। যে বাকশাল দিয়ে গণতন্ত্র হত্যা করেছে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে, দেশে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল-প্রধানমন্ত্রীর মুখে তার প্রশংসা শুনে নতুনভাবে একদলীয় শাসন চাপিয়ে দেওয়ার আশঙ্কা করছি। তবে এদেশের মানুষ কখনো একদলীয় শাসন মেনে নেবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কাদের সিদ্দিকী বলেন, এ রকম স্বাধীনতা আমরা চাইনি। সরকারি লোকের স্বাধীনতা আমরা চাইনি। বঙ্গবন্ধু যদি এভাবে শোষকদের সঙ্গে আপস করতেন, তাহলে তাকে জীবন দিতে হতো না। তিনি বলেন, সরকার নির্বাচন ব্যবস্থা, বিচারব্যবস্থা সব ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, ’৭৩ সালে ভোটে কারচুপি হয়েছিল, তবে দিনের ভোট রাতে হয়নি। আজ বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধুর, মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার ক্ষতি করা হচ্ছে। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এখনই মুক্তি দাবি করে বলেন, যে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আর আস্থা নেই, সেই রায় দিয়ে খালেদাকে আটকে রাখা যাবে না।

আ স ম রব বলেন, ২৯ ডিসেম্বর রাতে গণতন্ত্র লুণ্ঠন করা হয়েছে। উন্নয়নের নামে দেশটা লুটপাট হয়ে যাচ্ছে। এই উন্নয়ন লুটপাটের উন্নয়ন। এই রাষ্ট্রের মালিকানা আর জনগণের নেই। মাহমুদুর রহমান মান্না বলেন, উপজেলা নির্বাচনে জনগণের স্লোগান ছিল, তোদের চাই না তাই ভোট দিতে যাই না। যারা ক্ষমতায় আছে তারা লুটেরাদের আশ্রয়দাতা। তারা দুর্নীতিবাজ। দেশে এখন লুটপাটের মহোৎসব চলছে। মোস্তফা মহসীন মন্টু বলেন, প্রশাসন শাসিত সরকার বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন