News71.com
 Bangladesh
 27 Mar 19, 12:03 PM
 261           
 0
 27 Mar 19, 12:03 PM

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত॥

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত॥

নিউজ ডেস্কঃ নৌকা প্রতীক বরাদ্দ নিয়ে দ্বন্দ্বে আগামী ১০ এপ্রিল পর্যন্ত খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. এনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই রায় প্রদান করেন। নৌকা প্রতীকের দাবীদার শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার নামের একজন প্রার্থীর দায়েরকৃত রিট আবেদনের ভিত্তিতে শুনানী শেষে আজ আদালত এই রায় প্রদান করেন। রিট আবেদন কারীর আইনজীবীরা নিউজ৭১ ডটকমকে জানান , আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ডুমুরিয়া উপজেলায় প্রাথমিকভাবে মোস্তফা সরোয়ারকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলেও পরবর্তীতে দলীয় প্রার্থী হিসেবে শাহানওয়াজ হোসেন জোয়াদ্দারকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হয়। কিন্তু আইনী জটিলতার কারণে তিনি নৌকা প্রতীক পাননি। এ বিষয়ে শাহনেওয়াজ হোসেন খুলনার জেলা প্রশাসকের বরাবরে আপিল করেও সুফল পাননি। পরে শাহানওয়াজ হোসেন হাইকার্টে রিট আবেদন (নং ৩৩৯৬) করলে আজ শুনানী শেষে বিচারকদ্বয় ১০ এপ্রিল পর্যন্ত নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। একই সাথে আগামী ৩ এপ্রিল নির্বাচন কমিশনকে প্রতীক বরাদ্দের বিষয়ে অবস্থান ব্যাখ্যা করতে নির্দেশনা দেয়া হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার নিউজ৭১ কে জানান , ‘নির্বাচনে আমাকে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন দেয়া হয়। কিন্তু স্থানীয় নির্বাচন কমিশন আমাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়নি। এ কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে শুনানী শেষে ১০ এপ্রিল পর্যন্ত নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।
তবে খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, হাইকোর্টের সিদ্ধান্তের বিষয়ে আমরা লিখিত নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আগামী ৩১ মার্চ খুলনার ৯টি উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন