
নিউজ ডেস্ক: তথ্যপ্রযুক্তি আধুনিক জীবনকে যতটা সহজ করেছে, ঠিক তার বিপরীতে ডিজিটাল দুনিয়া হয়ে উঠছে নানা অপরাধের ভাণ্ডারও। কেনাকাটা করতে গেলে এখন আর যেমন বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে না, খুব সহজেই অনলাইনে পাওয়া যায় পছন্দের পণ্য। তেমনি কেনাকাটার বিপরীতে ডেবিট, ক্রেডিট কার্ড কিংবা বিকাশে নিমিষেই পণ্য বা সেবার মূল্য পরিশোধ করা যায়। তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করেন অথবা আউটসোর্সিং করেন এমন ব্যক্তিদের নিয়মিত ডলার কেনার প্রয়োজন হয়। তবে সেটি কাগুজে নোটের ডলার নয়, অনলাইনের ডিজিটাল ডলারে। যার মাধ্যমে লেনদেন সেরে নেন। অনলাইন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলা, ফেসবুক পেজ বুস্ট করা, সফটওয়্যার নবায়ন বা হালনাগাদের মতো নানা কাজে আন্তর্জাতিকভাবে পরিশোধের সহজ মাধ্যম মার্কিন ইউএস ডলার। এজন্য তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা মানুষজন অনলাইনে ডলার কিনে তা আবার ডিজিটাল প্রক্রিয়ায় পরিশোধ করে দেন।
আবার, বেটিং সাইটগুলোর জুয়াড়িদের জন্যও প্রয়োজন হয় এসব ডিজিটাল ডলার, যেটি মূলত অনলাইন কয়েন হিসেবেও পরিচিত। তবে, তথ্যপ্রযুক্তি খাতে কর্মরতদের ডলার চাহিদাকে পুঁজি করে বেশ কয়েকটি চক্র তরুণ প্রযুক্তিকর্মীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। পরিশ্রম করে আয় করা অর্থ খোয়া যাচ্ছে চোখের সামনেই। তবে, ভুয়া ফেসবুক আইডি ও জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও এসব প্রতারকরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। সেল বাই ডলার, সলিট লেনদেন, ট্রাস্টেড ডলার বাই অ্যান্ড সেল ও নেটেলার বাংলাদেশসহ নানা নামের প্রায় অর্ধশতাধিক ফেসবুক গ্রুপ হয়ে উঠেছে তথ্যপ্রযুক্তি কর্মীদের ডলার কেনার নির্ভরযোগ্য মাধ্যম। তবে, এসব গ্রুপে ঘাপটি মেরে বসে থাকেন প্রতারকরা। এসব প্রতারকদের একেক জন অন্তত ১০/১৫টি ভুয়া ফেসবুক আইডি খোলেন। এরপর বিক্রেতা সেজে গ্রুপে নিয়মিত পোস্ট দিতে থাকেন। কেউ ডলার কিনতে চাইলে তার সঙ্গে আলাপনের পর বিকাশে টাকা নিয়ে নেন। এরপর গায়েব হয়ে যায় ডলার বিক্রেতার নামে থাকা প্রতারক। নিষ্ক্রিয় হয়ে যায় তার ভুয়া ফেসবুক আইডিও।