
নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন যুদ্ধাপরাধীর সন্তান বলে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘আপনার পরিবার সম্পর্কে আপনার এলাকায় অভিযোগ আছে। আপনার বাবাও স্বাধীনতাবিরোধী অবস্থানে ছিলেন। এখন নিজেরা মুক্তিযুদ্ধের চেতনার ঝাণ্ডা ধরতে চান।’ শনিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি এ দাবি করেন। ফখরুলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার শরম লাগে বলতে? আপনিও একজন যুদ্ধাপরাধীর সন্তান। নিজেকে ভুয়া মুক্তিযুদ্ধা দাবি করে মুক্তিযোদ্ধাদের লেবাস ধারন করার চেষ্টা করে যাচ্ছেন।’ এর আগে দুপুরে এক গণ-অনশন কর্মসূচিতে আওয়ামী লীগের একুশের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আল মাহমুদকে শহীদ মিনারে নিয়ে সন্মান দেখানো হয়নি। এরা সন্মান দেখাবে কোত্থেকে? আমার সন্দেহ হয় যে, তারা কী সেই একুশের চেতনা বিশ্বাস করে? করে না। তারা কী একাত্তরের চেতনাতে বিশ্বাস করে? করে না। যে স্বাধীনতার কথা তারা বলতে থাকে তার কতটুকু তারা বিশ্বাস করে?’
এর কয়েক ঘণ্টা পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব, বিভিন্ন সময় আপনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না, ধারণ করে কে? কোন লজ্জায় বলেন আপনারা। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে কারা ধ্বংস করেছিল? আপনার শরম লাগে বলতে?’ ‘কারা স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠা করেছিল? জামায়াতে ইসলামিকে কারা রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছিল? কারা গোলাম আজমকে দেশে ফিরিয়ে নাগরিকত্ব দিয়েছিল? এ সবগুলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের? সেটাই বিশ্বাস করেন আপনি? আপনি নিজেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, এ রকম নজির নেই’- বলছিলেন মাহবুব-উল আলম হানিফ।
আওয়ামী লীগ ভিন্নমত সহ্য করতে পারছে না বলে বিএনপি মাহাসচিবের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ২০০১ সালে নির্বাচনের পর আপনারা সারা দেশে গণহত্যা চালিয়েছিলেন। যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছিল, এর সঙ্গে একমাত্র গণহত্যাকে তুলনা করা যায়। তখন ২৬ হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। ‘গণতন্ত্রের কথা বলেন কোন মুখে? ভিন্ন মত সহ্য করার কথা বলেন কোন মুখে। আজকে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আপনারা এখনও সরকারের বিরোদ্ধে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছেন’ বললেন এ আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, ভিন্নমত সহ্য করি বলেই মিডিয়ার মাধ্যমে আপনাদের মিথ্যাচার জাতি দেখছে। দেশ আজকে শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলেই আপনাদের গাত্রদাহ হয়। তাই সুযোগ পেলেই ষড়যন্ত্র করেন। আর গণতন্ত্রের কথা বলেন।