
নিউজ ডেস্ক: বিশ্ব পানি দিবস আজ। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। এবারের পানি দিবসের প্রতিপাদ্য ‘ওয়াটার ফর অল : লিভিং নো ওয়ান বিহাইন্ড’। অর্থাৎ পানির মৌলিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।তবে সাপ্তাহিক বন্ধের কারণে আজ বাংলদেশে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হবে না। পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১১ এপ্রিল দিবসটি পালিত হবে। ওই দিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব পানি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, ‘ফসল উৎপাদনে সেচ কাজে পর্যাপ্ত পানি প্রাপ্তির নিশ্চয়তা বিধানের কোনো বিকল্প নেই। পানি ব্যবস্থাপনার ওপর খাদ্য নিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, ‘জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে কৃষি, শিল্পসহ সব ক্ষেত্রে ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘জীবন ও পরিবেশের মৌলিক উপাদান পানি। কৃষি, শিল্প, মৎস্য ও পশুপালন, নৌ-চলাচল, বনায়ন ও জীববৈচিত্র্য পানির ওপর নির্ভরশীল। কিন্তু ভূ-গর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, উপকূলীয় এলাকার পানিতে লবণাক্ততা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও শিল্পায়ন, মারাত্মক পরিবেশ দূষণ, পানি প্রবাহে কৃত্রিম বাধা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন সুপেয় পানির উৎসকে ক্রমশ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।’
বিশ্বস্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের হিসাব অনুযায়ী, সারা বিশ্বের অন্তত ৭৮ কোটি ৩০ লাখ মানুষ নিরাপদ বা সুপেয় পানি থেকে বঞ্চিত। বিশ্বে এখনো ২৫ কোটি মানুষ পয়ঃনিষ্কাষণ সুবিধা থেকেও বঞ্চিত যা মানবাধিকার পরিপন্থি। এদের মধ্যে নারী-শিশু, শরণার্থী এবং নৃগোষ্ঠীগুলো অন্যতম।জাতিসংঘের বছরের প্রতিবেদনে জানানো হয়, পানির কারণেও তৈরি হচ্ছে সামাজিক বৈষম্য। তাই ২০৩০ সাল নাগাদ সবার জন্য পানির অধিকার নিশ্চিত করাই মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের সদস্য দেশগুলো এই দিনটিকে নিজ নিজ রাষ্ট্রসীমার মধ্যে জাতিসংঘের জলসম্পদ সংক্রান্ত সুপারিশ ও উন্নয়ন প্রস্তাবগুলোর প্রতি মনোনিবেশের দিন হিসেবে উৎসর্গ করে।