
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় শেষ হয়েছে বিজিবি-বিএসএফ সম্প্রীতি শুটিং প্রতিযোগিতা। আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল বেনজীর আহমেদ, বিএসএফ’র শুটিং টিম লিডার ডেপুটি কমান্ডেন্ট অবিনাশ কুমার প্রমুখ।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, বিজিবি-বিএসএফ’র মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার প্রথমবারের মত এটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নে অনুষ্ঠিত হলো। বিজিবি ও বিএসএফ’র সমান সংখ্যক (২৮ জন) সদস্য প্রতিযোগিতায় অংশ নেন। শুটিংয়ে দুটি দলই সমান ৩৩৬ পয়েন্ট স্কোর করে যৌথভাবে বিজয়ী হয়। বিএসএফ’র কনস্টেবল বান্টি কুমার সেরা শুটার নির্বাচিত হন। বিকেলে দর্শনা সীমান্ত দিয়ে ১৪ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল ভারতে ফেরত যাওয়ার কথা।