News71.com
 Bangladesh
 20 Mar 19, 07:26 AM
 182           
 0
 20 Mar 19, 07:26 AM

বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রচলিত কাঠামোয় সংস্কারের দাবী॥

বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রচলিত কাঠামোয় সংস্কারের দাবী॥

নিউজ ডেস্ক: নিয়োগ, পদ-পদবি সৃজন, পদায়ন, পদোন্নতি, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধিসহ সার্বিক কর্মকা- গতিশীল করতে পুরো বাহিনীর কাঠামোয় সংস্কার চায় পুলিশ। এ বিষয়ে প্রস্তাবনা তৈরি করে তা সরকারের বিবেচনার জন্য পাঠাতে গতকাল মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে এক সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) মোখলেসুর রহমান সভাপতিত্বে সভায় পুলিশ বাহিনীতে কী ধরনের সংস্কার বা আদর্শ কাঠামো হওয়া দরকার, তা নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য গত প্রায় এক যুগ আগে পুলিশ সংস্কারে একটি অধ্যাদেশের খসড়া প্রণয়ন করা হয়; কিন্ত এখন পর্যন্ত তা খসড়া আকারেই রয়ে গেছে।

গতকালের বৈঠকে আলোচনা আলোচনা অনুযায়ী, বর্তমানে পুলিশ বাহিনীতে ৩ হাজার ৮৬টি ক্যাডার পদ রয়েছে। এর মধ্যে এএসপি আছে ১৩৭৬টি; শতাংশের হিসাবে ৪৪ দশমিক ৫৬। অতিরিক্ত পুলিশ সুপারের পদ রয়েছে ১১৫৪টি; শতাংশের হিসাবে ৩৭ দশমিক ৩৭। পুলিশ সুপারের পদ রয়েছে ৩৬৮টি; শতাংশের হিসাবে ১১ দশমিক ৯২। অতিরিক্ত ডিআইজির পদ রয়েছে ১০৫টি; শতাংশের হিসাবে ৩ দশমিক ৪। ডিআইজির পদ আছে ৬৭টি; শতাংশের হিসাবে ২ দশমিক ১৭ এবং অতিরিক্ত আইজিপি পদ রয়েছে ১৭টি; শতাংশের হিসাবে শুন্য দশমিক ৫৫।

বৈঠকে উল্লেখ করা হয়, বিগত বছরগুলোয় জনচাহিদার পরিপ্রেক্ষিতে পুলিশে বেশকিছু নতুন ইউনিট সৃষ্টি হয়েছে। এর ফলে ক্যাডার পদে পদোন্নতির পথ উন্মুক্ত হয়। কিন্তু এখন নতুন পদ সৃষ্টি না হলে এসপি থেকে ওপরের পদগুলোয় পদোন্নতির পথ রুদ্ধ হয়ে যাবে। এতে পুলিশ কর্মকর্তাদের মধ্যে হতাশা দেখা দিতে পারে। এর প্রভাব পড়তে পারে মাঠ পর্যায়ের পুলিশি কর্মকান্ডে । পদ না থাকায় সুপার নিউমারারি পদে পদোন্নতি দিতে হচ্ছে। গতকালের বৈঠকে উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তা নিউজ৭১ ডটকমকে বলেছেন, একটি আদর্শ কাঠামো নির্ধারণ হলে দক্ষতা, যোগ্যতা অনুযায়ী পুলিশ কর্মকর্তাদের পদায়ন, পদোন্নতির ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক কারণ দেখিয়ে কারও পদোন্নতি আটকে রাখা যাবে না। জনগণের চাহিদা অনুযায়ী পুলিশের নতুন ইউনিট ও পদ সৃষ্টি হবে। পুলিশের কর্মকান্ড আরও গতিশীল হবে। ক্যারিয়ার হিসেবে পুলিশ আরও এগিয়ে যাবে।

পুলিশ হেডকোয়ার্টার্সের পলিসি গ্রুপের সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, গতকালের বৈঠক অনুষ্ঠিত হয়। পলিসি গ্রুপের সভায় সিদ্ধান্ত হয়, আইজিপির পদমর্যাদা এবং নামকরণ পরিবর্তনের পর বিভিন্ন ইউনিটে আইজিপি পদ তৈরির সম্ভাবতা যাচাই এবং পদ সৃজনের কৌশল উদ্ভাবন, ঊর্ধ্বতন পদে বিশেষ করে গ্রেড-৫ থেকে গ্রেড-১ পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক পদ তৈরি করা, প্রয়োজনীয়তার নিরিখে পদ সৃষ্টি করে তার তালিকা প্রণয়ন করা, বিভিন্ন ইউনিটের কাঠামো সংস্কারের রূপরেখা তৈরি করা এবং বিভিন্ন ইউনিটের কমান্ড কাঠামো যাতে কার্যকর থাকে সে বিষয়টি বিবেচনায় রেখে রূপরেখা প্রণয়নের সিদ্ধান্ত হয়। জানা গেছে, ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে পুলিশ প্রধান (আইজিপি) পদের নাম পরিবর্তন করে চিফ অব পুলিশ করতে প্রস্তাব করা হয়েছে সরকারের কাছে। যদিও এখনো ওই প্রস্তাব অনুমোদন হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন