
নিউজ ডেস্ক: রাজধানীর জনসাধারণকে ট্র্যাফিক আইন মেনে চলতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আবারও ট্র্যাফিক শৃঙ্খলা সপ্তাহের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ট্র্যাফিক শৃঙ্খলার উন্নতিকল্পে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ট্র্যাফিক শৃঙ্খলা সপ্তাহ পরিচালনা করবে ডিএমপির ট্র্যাফিক বিভাগ।আজ শনিবার দুপুরে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ইতোপূর্বে ঢাকা মহানগরীর ট্র্যাফিক ব্যবস্থার উন্নয়ন এবং ট্র্যাফিক শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে গত ৫ থেকে ১৪ আগস্ট ঢাকা মহানগরীতে ট্র্যাফিক সপ্তাহ পালন ও ৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী ট্র্যাফিক আইনের কঠোর বাস্তবায়নের লক্ষ্যে ট্র্যাফিক সচেতনতা মাস পালন করা হয়।এ ছাড়া ২৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ট্র্যাফিক শৃঙ্খলা সপ্তাহ এবং ১৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত ট্র্যাফিক শৃঙ্খলা পক্ষ পালনের মাধ্যমে ট্র্যাফিক সচেতনতা বৃদ্ধি, ট্র্যাফিক গাইড বুক প্রকাশ ও প্রচার, ট্র্যাফিক আইন সম্পর্কে ধারণা প্রদান, টার্মিনালে সভা-সমাবেশ, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, লিফলেট, পোস্টার বিতরণ, পথচারীদের ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উদ্বুদ্ধকরণসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।
ডিএমপি কর্তৃক গৃহীত এসব কর্মসূচিতে সড়কে ট্র্যাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করার পাশাপাশি জনসাধারাণকে ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতন করার জন্য ট্র্যাফিক পুলিশের সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট, বিএনসিসি ও বাংলাদেশ গার্লস গাইড সদস্যদের সম্পৃক্ত করা হয়েছিল।ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগ কর্তৃক ট্র্যাফিক সপ্তাহ, ট্র্যাফিক শৃঙ্খলা সপ্তাহ ও ট্র্যাফিক সচেতনতা মাস পালনের মাধ্যমে ট্র্যাফিক আইনের কঠোর বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধির ফলে ঢাকা শহরের ট্র্যাফিক শৃঙ্খলার উন্নতি হচ্ছে। ট্র্যাফিক আইনের কঠোর প্রয়োগ এবং ক্রমাগত ট্র্যাফিক শৃঙ্খলা সংক্রান্ত গৃহীত কর্মসূচির ফলে ঢাকা শহরে ট্র্যাফিক শৃঙ্খলার উন্নতি এখন অনেকটাই দৃশ্যমান এবং পরিস্থিতির উন্নতি অব্যাহত রাখতে বর্তমানে প্রতিমাসে ট্র্যাফিক শৃঙ্খলা সপ্তাহ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগ কর্তৃক আয়োজিত আগামী ১৭ থেকে ২৩ মার্চ, ২০১৯ পর্যন্ত আগের মতো ঢাকা মহানগরীতে ট্র্যাফিক শৃঙ্খলা সপ্তাহ কার্যক্রম পরিচালিত হবে।এই ট্র্যাফিক শৃঙ্খলা সপ্তাহ কার্যক্রমে ঢাকা মহানগরীর জনসাধারণকে ট্র্যাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণে এবং ট্র্যাফিক শৃঙ্খলার উন্নতিকল্পে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।এই কার্যক্রম সফল করার জন্য সম্মানিত নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।