
নিউজ ডেস্কঃ গাইড বই পড়ানো ও কোচিংয়ে বাধ্য করা শিক্ষকের কাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।তিনি গতকাল শুক্রবার শরীয়তপুর সরকারি কলেজের ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, 'কিছু অসাধু শিক্ষকের নোট ও গাইড বই প্রস্তুতকারী ছাপাখানার সঙ্গে যোগসাজশ রয়েছে। তাদের কাছ থেকে কমিশন নিয়ে পছন্দের নোট বা গাইড বই ছাত্রছাত্রীদের কিনতে উৎসাহিত করছে। এ ছাড়া অনেক শিক্ষক শিক্ষার্থীদের প্রাইভেট ও কোচিংয়ে আসতে বাধ্য করছেন। আমরা এই দুর্নাম থেকে মুক্তি পেতে চাই।' তিনি বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত ১০ বছরে শিক্ষা খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এই অর্জনের ওপর ভিত্তি করে আমাদের আগামী দিনে আরও বহু দূর এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে সব শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের সহযোগিতা প্রয়োজন।'
দীপু মনি আরও বলেন, 'আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে দেশ, জাতি ও সমাজ কোনো দিন এগিয়ে যেতে পারবে না। নারীর অগ্রযাত্রার শত্রু মৌলবাদ, জঙ্গিবাদ। মৌলবাদ, জঙ্গিবাদ সন্ত্রাসীদের যারা প্রশ্রয় দেয় এবং তাদের নিয়ে যারা রাজনীতির নামে অপরাজনীতি করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।' কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান সিকদার, সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, সাধারণ সম্পাদক অনল কুমার দে, পুলিশ সুপার আব্দুল মোমেন, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদার প্রমুখ।