
নিউজ ডেস্ক: এ দেশের হিন্দু, এ দেশের বৌদ্ধ, এ দেশের মুসলমান, এ দেশের খ্রিস্টান এখানে আমরা সবাই মিলে বাঙালি। এখানে সন্ত্রাসীর জায়গা নেই, জঙ্গির জায়গা নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের। সে স্বপ্ন বাস্তবায়নে যোগ্য নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্মেলন উপলক্ষে শুক্রবার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের। আর আমরা পাকিস্তানের সঙ্গে সে জন্যই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের ব্রতই অসাম্প্রদায়িক দেশ গড়া। তবে স্বাধীনতার কয়েক বছর পরেই অসাম্প্রদায়িক দেশ গড়ার ক্ষেত্রে আমরা একটা ঝাঁকুনিও খেয়েছিলাম। ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যার ডাকে আশ্বস্ত হয়েছিল মানুষ। সারাদেশের মানুষ বুঝতে পেরেছিল বঙ্গবন্ধুর যোগ্য নেতা শেখ হাসিনা। তার ডাকে সবাই আমরা একতাবদ্ধ হয়েছি। তিনি একে একে চারবার প্রধানমন্ত্রী হয়েছেন, ক্ষুধা দারিদ্র্যসহ সব সমস্যা মোকাবিলা করে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটা অবস্থানে নিয়ে গেছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমি দেশের অনেক স্থান ঘুরে বেড়িয়েছি, কোথাও এ প্রশ্ন হয় না যে, কে হিন্দু কে মুসলমান। তিনি কে, কি করেন প্রশ্ন হয়। আমরা যে অসাম্প্রদায়িক দেশ গড়ার পথে অনেক দূর এগিয়েছি এটাই তার প্রমাণ, আর আমরা এটাই চাই।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সন্ত্রাসী-জঙ্গির টুটি চেপে ধরেছি। পুরো বিশ্ব তা দেখেছে, নিউজিল্যান্ডে যা ঘটেছে সেজন্য আমরা নিন্দা জানাই। কি উদ্দেশ্যে কারা এঘটনা ঘটিয়েছে নিশ্চয় তা নিউজিল্যান্ড সরকার জানাবে। আমাদের টাইগাররা নিরাপদে রয়েছে।’বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, শৈলন্দ্র নাথ মজুমদার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।