
নিউজ ডেস্কঃ নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী ভাইস এডমিরাল থেকে ‘এডমিরাল’ পদে পদোন্নতি লাভ করেছেন।রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে এডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিঞা মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন। নৌবাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
সুদীর্ঘ চাকরি জীবনে এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সফলতার সাথে নৌবাহিনীর ফ্রিগেটসহ বিভিন্ন যুদ্ধজাহাজের অধিনায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নৌবাহিনীর প্রশাসনিক ও প্রশিক্ষণ ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নৌসদরে নৌ-সচিব ও বিভিন্ন পরিদপ্তরে পরিচালক, মেরিন একাডেমির কমান্ড্যান্ট, মেরিন ফিশারিজ একাডেমির প্রিন্সিপালসহ বাংলাদেশ কোস্ট গার্ডের জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।