
নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজানের (৩৫) বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮৩ উপজেলার মধ্যে তিনটির ভোট স্থগিত ও পাটগ্রামের ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি। ভোট স্থগিত উপজেলাগুলো হলো- লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোনার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ। গতকাল শুক্রবার দিবারাতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী থানায় মামলা দায়ের করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আদিতমারী উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা জানান, সরকারি সুযোগ সুবিধা নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের সামিল। সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের এপিএস হয়ে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত রফিকুল আলমের নৌকা প্রতীকে ভোট চান মিজানুর রহমান মিজান। প্রসঙ্গত, এপিএস মিজানুর রহমান মিজান আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী একান্ত সচীব ।