
নিউজ ডেস্কঃ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য সবসময়ই ইসলামকে ব্যবহার করেছে এবং এখনো করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আলেম সমাজের মাথায় কাঁঠাল ভেঙেই বিএনপি-জামায়াত ক্ষমতায় গেছে। তবে আলেম সমাজের উপকারে কোনো কাজ তারা করেনি। আজ শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এসব কথা বলেন। তিন বলেন, ধর্মকে ব্যবহার করে তারা বাংলাদেশের ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ধর্মকে ব্যবহার করলেও বিএনপি কখনোই এ দেশে ইসলামের খেদমতের জন্য কিছুই করেনি; বরং ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দিয়েছে। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য তিনি আরো বলেন, বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দিলে তাতে হবে না। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়েও বিএসএমএমইউতে চিকিৎসা নিতে পারলে খালেদা জিয়া কেন পারবেন না?
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএসএমএমইউর চিকিৎসার সুনাম করেছেন উপমহাদেশের বিখ্যাত চিকিৎসক ডাঃ দেবী শেঠি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের ডাক্তাররাও এই হাসপাতালের চিকিৎসার সুনাম করেছেন। আর বিএনপি নেতারা কিনা বলেন, এখানে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা দেয়া সম্ভব নয়। আসলে ওনারা প্রকৃতপক্ষে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন।বিএনপি নেত্রীকে সুস্থ দাবি করে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, ওনারা একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ফেলছে। ওনার যে পায়ে ব্যথা, সেটি নিয়ে তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পায়ের এই সমস্যা নিয়ে তিনি বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। এটি তো তার কোনো নতুন শারীরিক সমস্যা নয়, এটি পুরনো সমস্যা। তারা বড় করে দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন।মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।