
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রত্যেক শিক্ষার্থীকে দুটি ব্যালটে মোট ৩৮টি ভোট দিতে হবে। এজন্য সময় নির্ধারণ করা হয়েছে ছয় ঘণ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে মোট ভোটার ৪২ হাজার ৯২৩ জন। ভিপি-জিএসসহ ডাকসুতে ২৫টি এবং হল সংসদে ১৩টি পদ রয়েছে। এই ৩৮ পদে ভোট দিতে একজন ভোটার সময় পাবেন তিন মিনিট বলে ধারণা করা হচ্ছে। সেই হিসেবে একটি বুথে ঘণ্টায় ২০ শিক্ষার্থী ভোট দিতে পারবেন। এই তিন মিনিটে একজন ভোটার সব ভোট প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে প্রার্থীদের মনে দেখা দিয়েছে সংশয়। তাই অনেক প্রার্থী অতিরিক্ত বুথ বসানোর দাবি জানিয়েছেন। কিন্তু কোন হলে কয়টি বুথ বসবে বিষয়টি খোলাসা করেননি ডাকসুর চিফ রিটার্নিং অফিসার। তিনি জানিয়েছেন, শিগগিরই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়বেন ২২৯ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি ( ভিপি) পদে ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ এবং এজিএস পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর হল সংসদে ১৮টি হলে ১৩টি করে পদের বিপরীতে প্রার্থী রয়েছেন মোট ৫০৯ জন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচনে অতীতের মতোই দুটি ব্যালট পেপার থাকবে। একটি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের এবং আরেকটি হল সংসদ নির্বাচনের। ১১ মার্চ ডাকসুর নির্বাচন ঘোষণা করেছে গঠিত নির্বাচন কমিশন। ভোটের সময় ধরা হয়েছে সকাল ৮টা থেকে দুপুর ২টা। ১১ মার্চ অনুষ্ঠেয় এই নির্বাচনে ঢাবির একজন শিক্ষার্থী ডাকসু ও হল সংসদের দুই ব্যালট পেপার মিলিয়ে ৩৮ পদে একটি করে ভোট দিতে পারবেন। এজন্য তিনি সময় পাবেন তিন মিনিট।
এ অবস্থায় তফসিল ঘোষণার পর থেকে সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছেন অনেক প্রার্থীর। সবার ভোট নিশ্চিত করার জন্য ঢাবির ১৮ হলে ৩৫৯টি বুথ করার প্রস্তাব করেছে ডাকসু নির্বাচনের স্বাধিকার স্বতন্ত্র প্যানেল। ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এআরএম আসিফুর রহমান ইতোমধ্যে বিষয়টি অবগত করে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। ওই স্মারকলিপিতে আসিফুর উল্লেখ করেন, ইতোমধ্যে স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও রোকেয়া হল পরিষদ আমাকে তাদের সমর্থন প্রদান করেছেন। ডাকসু ও হল সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কিন্তু আমি উদ্বিগ্ন এই ভেবে যে, উল্লিখিত সময়ের মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচনে সব ভোটারের ভোট প্রদান নিশ্চিত করা প্রায় অসম্ভব। তাই ভোট গ্রহণের সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা করার আবেদন জানাই। আসিফুর বলেন, সর্বোচ্চ সংখ্যক ভোট পড়ুক এটা আমরা সবাই চাই। কিন্তু এই ছয় ঘণ্টার ভোটে কয়টি বুথ বসানো হবে সেটা এখনও কেউ খোলাসা করেননি। তাই ঢাবির ১৮ হলে ৩৫৯টি বুথ করার একটা প্রস্তাবনা দিয়েছে স্বাধিকার স্বতন্ত্র পরিষদ। ডাকসু নির্বাচনের কয়েকজন রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, হলে ছাত্রসংখ্যার অনুপাতে বুথ বসানো হবে। যে হলে শিক্ষার্থী বেশি সেখানে বেশি বুথ এবং যেখানে কম সেখানে কম বুথ।
ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান বলেন, কোন হলে কত বুথ বসবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে বিস্তারিত শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে, ভোটের সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর। তিনি বলেন, আমরা ভোটের সময় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করার দাবি জানিয়েছি। কারণ দুপুর ২টা অনেক কম সময় হয়ে যায়। ইতোমধ্যে সবাই বলেছে যে ৩৮টি ভোট দেওয়ার জন্য একেক জনের কতক্ষণ করে সময় লাগবে। ফলে আমরা আমারও দাবি জানিয়েছি যে, ভোটের সময় বাড়ানোর জন্য।এছাড়া সময় বাড়ানোর আরও দাবি জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নূর। তিনি বলেন, আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি যে সময়টা যেন একটু বাড়ানো হয়। ২টার পরিবর্তে অন্তত ৪টা পর্যন্ত করা হয়। ডাকসু নির্বাচন তো ৯০-এর পরে আর হয়নি। তখন ৮টা থেকে ২টা পর্যন্ত ছিল। কিন্তু এখন শিক্ষার্থী অনেক বেড়েছে। এখন হল এবং কেন্দ্রীয় সংসদ মিলিয়ে একজন শিক্ষার্থীকে ৩৮টি ভোট দিতে হবে। সেটি সময়সাপেক্ষ ব্যাপার। সেসব দিক বিবেচনা করে আমরা বলেছিলাম সময় বাড়ানোর জন্য।