
নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দেশের বিভিন্ন আদালতে নারী বিচারক ও আইনজীবীদের সংখ্যা দিন দিন বাড়ছে- যা সত্যিই আশাব্যঞ্জক। এছাড়া ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সেজন্য সব ক্ষেত্রে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। আজ বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট গার্ডেনে নারী আইনজীবী কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান বিচারপতি বলেন, নারীদের অবদানের স্বীকৃতি প্রদান এবং তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ দিনটি আমি অত্যন্ত গুরুত্ববহ এবং মর্যাদাপূর্ণ বলে মনে করি। নারী-পুরুষের সমতাভিত্তিক অধিকার নিশ্চিত করতে বিশ্ববাসী আজ ঐক্যবদ্ধ। এ দৃঢ় প্রত্যয় নিয়ে নারীদের এগিয়ে চলতে হবে এবং নেতৃত্বদানে বিকশিত হতে হবে। সেজন্য সর্বস্তরে নিশ্চিত করতে হবে নারীবান্ধব কর্মপরিবেশ। তিনি বলেন, নারীর অধিকার আদায় এবং সমমর্যাদার বিষয়টি আমাদের রাষ্ট্রীয় চিন্তা ও নীতিতেও প্রতিভাত হচ্ছে। বাংলাদেশে সরকারি এবং বেসরকারি উদ্যোগের ফলে সব ক্ষেত্রে নারীর প্রভৃত উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। দেশের বিভিন্ন আদালতে নারী বিচারক ও আইনজীবীদের সংখ্যা দিন দিন বাড়ছে, যা সত্যিই আশাব্যঞ্জক।