
নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ সম্প্রীতি-৮ শুরু হয়েছে। বঙ্গবন্ধু সেনানিবাস, ঘাটাইলে এ প্রশিক্ষণ শুরু হয় আজ শনিবার । আগামীকাল রবিবার এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামিম। আগামী ১৫ মার্চ পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণের এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সন্ত্রাস দমন ও দুর্যোগ ব্যবস্থাপনা। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের অংশ হিসেবে যৌথ অনুশীলন সম্প্রীতি-৮ অনুষ্ঠিত হচ্ছে। প্রসঙ্গত, ২০১০ সাল থেকে এক বছর পর পর এই অনুশীলন পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর অনুশীলনের আভিযানিক ও প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।