
নিউজ ডেস্কঃ সিলেট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ (রেজিস্ট্রেশন এস ২-এজিআর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। আজ শুক্রবার বিকাল চারটার দিকে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৪০২ ফ্লাইটটি ৬১ জন যাত্রী নিয়ে দুইটা ৫৯ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। উড়োজাহাজটি সিলেট থেকে উড্ডয়নের সময় পেছনের বাম পাশে ভেতরের চাকার টায়ার ফেটে যায়। উড়োজাহাজটি শাহজালালে তিনটা ২৫ মিনিটে অবতরণের জন্য সময় নির্ধারিত ছিল।
তবে চাকা ফেটে যাওয়ায় বিমানবন্দরে জরুরি অতবরণের প্রস্তুতি নিতে উড়োজাহাজটিকে আকাশে রাখা হয়। এরপর বিকাল চারটায় বিমানটি শাহজালালে নিরাপদে অবতরণ করে। উড়োজাহাজে পাইলটসহ পাঁচ জন ক্রু ছিলেন। যাত্রীরা নিরাপদে উড়োজাহাজ থেকে নেমে আসেন। পরে উড়োজাহাজটি মেরামতের জন্য পাঁচটা চার মিনিটের দিকে বিমানের হ্যাঙ্গারে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শাহজালালের স্টেশন এয়ার ট্রাফিক অফিসার (উপ পরিচালক) এস এম ওয়াহিদুর রহমান বলেন, উড়োজাহাজের পেছনের দিকে ভেতরের চাকার টায়ার ফেটে গিয়েছিল। অবতরণের সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমাদের প্রস্তুতি ছিল। নিরাপদে বিমানটি অবতরণ করেছে।