News71.com
 Bangladesh
 27 Feb 19, 12:07 PM
 172           
 0
 27 Feb 19, 12:07 PM

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবেক ক্রিকেটার সৈয়দ আলতাফ হোসেন॥  

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবেক ক্রিকেটার সৈয়দ আলতাফ হোসেন॥   

নিউজ ডেস্কঃ পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ক্রিকেটার ও ক্রিকেট কোচিংয়ের অগ্রদূত সৈয়দ আলতাফ হোসেন (ইন্না লিল্লাহে..রাজিউন)। গতকাল মঙ্গলবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। আজ বুধবার বাদ জোহর রাজধানীর নাজিম উদ্দিন রোডের হোসনি দালান মসজিদে সাবেক এই ক্রিকেটারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বেলা সাড়ে তিনটায় জাতীয় ক্রীড়া পরিষদে। বছরখানেক ধরে শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন আলতাফ হোসেন। মাঝে কিছুদিন শারীরিক জটিলতা নিয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই সময় কিছুটা সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছিলেন। এই সময়ে আর কোনও জটিলতা দেখা না গেলেও মঙ্গলবার রাতে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু সেখানে আর জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জীবনের পুরোটা সময় ক্রিকেট নিয়েই কাটিয়ে দিয়েছেন। স্বাধীনতার আগে ১৯৬১ এবং ১৯৬২ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছেন। সেই সময়ে পাকিস্তানের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ কায়েদ-ই-আযম ট্রফিতেও পূর্ব পাকিস্তানের হয়ে খেলেছিলেন। এমনকি বাংলাদেশ থেকে পাকিস্তান টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া প্রথম বাঙালি খেলোয়াড়ও তিনি। ১৯৬৫ সালে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে পাকিস্তানের ঘোষিত ১৪ জনের দলে ছিলেন। শুধু ক্রিকেটার বা ক্রিকেট কোচই নন, আলতাফ হোসেন পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারের দায়িত্বও পালন করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন। এছাড়া ১৯৭৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট কোচ হিসেবে আলতাফ হোসেন বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখায় ১৯৯৯ সালে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন