News71.com
 Bangladesh
 26 Feb 19, 02:28 PM
 172           
 0
 26 Feb 19, 02:28 PM

সৌদি ভার্সিটিগুলোতে কওমি সনদ গ্রহণের অনুরোধ ধর্ম প্রতিমন্ত্রীর।  

সৌদি ভার্সিটিগুলোতে কওমি সনদ গ্রহণের অনুরোধ ধর্ম প্রতিমন্ত্রীর।   

নিউজ ডেস্কঃ সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শায়খের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহর দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিলো সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কওমি সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান। গতকাল সোমবার রিয়াদে দুদেশের মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশ এবং সৌদি আরবের দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

বাংলাদেশ সরকার কর্তৃক কওমি সনদের স্বীকৃতি, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্সের সমমান প্রদান, দেশের আর্থ-সামাজিক কর্মকাণ্ডে কওমি পড়ুয়া ছাত্র ও আলেম সমাজের ভূমিকা এবং প্রচলিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের তুলনায় কওমি ছাত্র-ছাত্রীদের ইসলাম ও আরবি ভাষায় বহুমাত্রিক যোগ্যতা ইত্যাদি বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় বৈঠকে। সৌদি মন্ত্রীও মনযোগ সহকারে সবকথা শুনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বৈঠকে সৌদি ইসলাম বিষয়ক উপমন্ত্রী ড. ইউসুফ বিন মুহাম্মদ, ধর্ম সচিব ড. আবদুল্লাহ আস-সামিল, বিদেশে সৌদি মিশনসমূহে নিযুক্ত ধর্মীয় এ্যাটাশে বিষয়ক মহাপরিচালক শায়খ মুহাম্মদ বিন আবদুল ওয়াহিদ আল-আরিফি প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, ধর্ম সচিব আনিসুর রহমান, বাংলাদেশ দূতাবাসের উপমিশন প্রধান ড. নজরুল ইসলাম, হাব মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন