
নিউজ ডেস্কঃ গত দশ বছরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, এই উন্নয়নের একমাত্র কারণ পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করা। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলা ভাষা আন্দোলন: অসম্প্রদায়িক জাতিসত্তার বিজয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। তোফায়েল আহমেদ বলেন, উন্নয়নের চরম শিখরে আমরা আরোহন করছি। গত দশ বছরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের একমাত্র কারণ পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করা। শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পিতভাবে দেশ চলছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ আরও বলেন, ভিশন ২০২১, ভিশন ২০৪১ এবং ২১০০ সালের ভিশনের ডেল্টা প্ল্যান নিয়ে দেশ পরিচালনা করছে বর্তমান সরকার। কিন্তু বিএনপি-জামায়াত কোনও পরিকল্পনা ছাড়াই দেশ চালিয়েছে। তারা ক্ষমতায় থেকে মানুষের উপর জুলুম, নির্যাতন ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যস্ত ছিল। অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সরকার কাজ করে যাচ্ছে মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, স্বাধীন বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল অসম্প্রদায়িক বাংলাদেশ। এই আসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই কাজ করে যাচ্ছে। এবারের একাদশ জাতীয় সংসদে স্বাধীনতাবিরোধীদের কোনও স্থান হয়নি। অথচ বিএনপি সরকারের সময় তাদের মন্ত্রী পর্যন্ত করা হয়েছে।’
তিনি বলেন, ‘পৃথিবীর সব দেশেই নির্বাচন নিয়ে বিরোধীরা বিতর্ক তৈরি করতে চায়। বিএনপি এই নির্বাচনকে বিতর্কিত করতে গতকালও কয়েকটি দূতাবাসে গিয়েছিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায়। মূল প্রবন্ধ পাঠ করেন হারুন হাবীব। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. বিমান বড়ূয়া প্রমুখ।