News71.com
 Bangladesh
 23 Feb 19, 07:24 AM
 218           
 0
 23 Feb 19, 07:24 AM

চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে।।প্রধানমন্ত্রী  

চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে।।প্রধানমন্ত্রী   

নিউজ ডেস্কঃ চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অফিস খোলার পর পার্লামেন্টে আলোচনা করে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে। আজ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে তার জন্য ব্যবস্থা নেয়া হবে। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা শহরের কোথাও যদি এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড হয় তাহলে উৎসুক জনতা হওয়ার পরিবর্তে এক বালতি পানি অথবা কিছু বালু নিয়ে ঘটনাস্থলে গেলে আগুন নেভাতে সহযোগিতা করতে পারবেন। দগ্ধ ও আহতদের খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। রোগী ও তার আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়া ডাক্তারদের সঙ্গেও রোগীদের অবস্থা নিয়ে কথা বলেন।

বার্ন ইউনিট পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে অনেক আধুনিক যন্ত্রপাতি দিয়েছি। আশা করি, যারা চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসার কোনো অসুবিধা হবে না। যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। তাৎক্ষণিকভাবে যতটা সম্ভব আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা দিয়েছি। তিনি বলেন, ঢাকা শহরে অনেক খাল ও পুকুর ছিল। এগুলো ভরাট করার কারণে যে কোনো স্থানে আগুন লাগলে পানি পাওয়াটাও বড় সংকট হয়ে দাঁড়ায়। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যে ঘটনা ঘটেছে উদ্ধারকর্মীদের উদ্ধার কাজ না করতে দিয়ে তাকে ঠেকিয়ে রেখে প্রশ্নের পর প্রশ্ন করাটা সমীচীন নয়। এ বিষয়টি অত্যন্ত দুঃখজনক। গত বুধবার সারা রাত জেগে থেকে আগুনের প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এ ছাড়া পরবর্তীতে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন