News71.com
 Bangladesh
 22 Feb 19, 07:47 AM
 232           
 0
 22 Feb 19, 07:47 AM

চকবাজারে নিহতদের ডিএনএর নমুনা সংগ্রহে ঢামেক হাসপাতালে সিআইডির টিম।

চকবাজারে নিহতদের ডিএনএর নমুনা সংগ্রহে ঢামেক হাসপাতালে সিআইডির টিম।

নিউজ ডেস্কঃ রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪৬ জনের মরদেহ শনাক্ত এবং হস্তান্তর প্রক্রিয়া শেষ করেছে পুলিশ ও ঢাকা জেলা প্রশাসন। তবে ৬৭টি মরদেহের মধ্যে এখনো ২১টি মরদেহ শনাক্ত ও হস্তান্তর প্রক্রিয়া শেষ করা যায়নি। বাকি ২১ মরদেহের শনাক্তকরণের ডিএনএ'র নমুনা সংগ্রহ করতে আজ শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। জানা যায়, তারা ২১ মরদেহ এবং স্বজনদের থেকে ডিএনএর নমুনা সংগ্রহ করবে। পরে সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ টেস্ট শেষে প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে সিআইডির অ্যাসিস্ট্যান্ট ডিএনএ অ্যানালিস্ট নুসরাত বলেন, আমরা এখন বাকি ২১ মরদেহ থেকে ডিএনএর নমুনা সংগ্রহ করবো।

 


পরে যেসব স্বজন মরদেহের খোঁজে আসবেন তাদের ডিএনএর নমুনা সংগ্রহ করবো। এবং তা সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার পর পুলিশের কাছে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে। ঢামেক সূত্র জানায়, ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গের ফ্রিজ নষ্ট থাকায় অশনাক্ত ২১টি মরদেহের মধ্যে মিটফোর্ড হাসপাতালে ৫টি, সোহরাওয়ার্দীতে ৫টি, কুর্মিটোলায় ৩টি, হৃদরোগ হাসপাতালে ৫টি ও ঢাকা মেডিকেল জরুরি বিভাগের ফ্রিজে ৩ মরদেহ পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ২১ মরদেহ এখনো শনাক্ত হয়নি। ম্যাজিস্ট্রেটের নির্দেশে মরদেহগুলো বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন পুড়ে মারা যায়। চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন