
মিথুন কুমারঃ শীতের হিমেল হাওয়ার পরশ শেষে আসে বসন্ত। আর বসন্তের সঙ্গে সঙ্গে বছর ঘুরে আসে ভালোবাসার সংস্পর্শ। ভালোবাসা এর চেয়ে কোমল শব্দ আর কী হতে পারে?।একটি মাত্র শব্দ, তাতে এত মধু,এত আবেগ। ভালোবাসা আছে বলেই মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে। সব দুঃখ ভুলে মানুষ সামনে এগিয়ে যায়। ভালোবাসা আছে বলেই মানুষ সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠে। আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা কোনো দিবস বা সময়-ক্ষণ গুনে আসে না। ভালোবাসার সত্ত্বা সর্বজনীন। ভালোবাসা বহুরূপী। ভালোবাসা শুধুই লোক দেখানো নয়, ভালবাসা আত্মার এক নিবিড় সম্পর্ক। ভালোবাসে না এমন লোক খুব কমই আছে পৃথিবীতে। ভালোবাসা মনের সব অন্ধকারকে দূর করে আলোর সন্ধান দেয়।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও ভালোবাসা দিবসের ছোঁয়া লেগেছে আজ। বিশেষ করে শহুরে জীবনে এই দিবসের প্রভাব দিনে দিনে বেড়েই চলছে। তবে গ্রামেও এখন ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন লক্ষ্য করা যায়। ফুলে ফুলে সাজবে প্রতিটি মানুষের ভালোবাসার মন। অনলাইন, মোবাইল, ফেসবুক, টুইটার বার্তায় ভালোবাসার রূপ ফুটে উঠবে সারাটি দিন। আর নানা আকর্ষণীয় উপহার-সামগ্রী দিয়ে মন জয় করতে প্রেমচিঠি পাঠাবে প্রিয়তমার কাছে। ভালোবাসা দিবসে শুধু তরুণ-তরুণীরাই আনন্দে মাতবে এমন নয়। পরিবার-স্বজন আর বিভিন্ন বয়সী মানুষদের মাঝেও এ দিবসের বিশেষ গুরুত্ব রয়েছে। ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতোই বিশাল। ভালোবাসা নামক বস্তুটিতে যতটা আত্মতৃপ্তি পাওয়া যায়, তা আর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আর এই আত্মতৃপ্তির পরিপূর্ণ স্বাদ আপনি তখনই পাবেন, যখন এই মহাবিশ্বের স্রষ্টা ও তার সৃষ্টিকে আপনি নিঃস্বার্থভাবে মনঃপ্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন।
ভালোবাসার জন্য কোনো বিশেষ দিন বা দিবস লাগে না। তবুও আমরা ভ্যালেন্টাইনের প্রেম কাহিনিকে অবলম্বন করে ভালোবাসার দিনক্ষণ হিসাবে পালন করে আসছি। ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মাঝে সীমাবদ্ধ নয়। এটি জগৎজুড়ে এক মায়ার বন্ধন। বাবা-মা,ভাই-বোন,আত্মীয়-স্বজন,বন্ধু সবাই ভালোবাসার অংশ। কেউ ভালোবেসে হাসে, কেউ ভালোবেসে হাসায় আবার কেউ ভালোবাসে কাঁন্দে। ভালোবাসা দিবসে কেউ ছোটে আপনজনের কাছে, কেউ ছুটে যায় ছিন্নমূল শিশুদের কাছে। কেউ ভালবেসে সময় কাটায় বাসায়। ভালোবাসার পবিত্রতা রক্ষা করে পূর্ণ হোক সব আশা। হীনম্মন্যতা দূর করে সত্যিকারের ভালোবাসায় নিমজ্জিত হোক তরুণরা। ভালোবাসায় ভরে উঠুক জীবন। এ বছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার নতুন দৃষ্টান্ত স্থাপিত হোক। বসন্তের রঙে রাঙিয়ে তুলুন জীবন। ভালোবাসুন মাতৃভাষাকে, দেশ এবং দেশের মানুষকে। ভালোবাসুন দেশীয় পণ্য এবং নিজস্ব সংস্কৃতি।ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন। শুভ হোক আগামীর পথচলা।
।।হ্যাপি ভ্যালেন্টাইন ডে।।