
নিউজ ডেস্কঃ ফেনীর জেলার সাবেক জজ মো. ফিরোজ আলমকে আদালত অবমাননার দায়ে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় দেন। এছাড়াও সুপ্রিম কোর্টের বিচারপতিদের ভ্রমণ ও পরিদর্শনের ক্ষেত্রে প্রটোকলব্যবস্থা নিয়ে কয়েক দফা নির্দেশনা দিয়েছেন আদালত। তা সার্কুলার আকারে জারি করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইনসচিবকে নির্দেশ দেয়া হয় ওই রায়ে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালে অক্টোবরে তৎকালীন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ফেনীতে যান। বিষয়টি অবিহিত করার পরেও ফেনীর জাজশিপ থেকে কোনো প্রতিনিধি আসেনি বা যোগাযোগ করেননি। এজন্য সেই বছরের ২৯ অক্টোবর হাইকোর্ট ফেনীর জেলা জজ মো. ফিরোজ আলমসহ তিনজনের প্রতি আদালত অবমাননার রুল দেন।
যার বিরুদ্ধে ফিরোজ আলম আপিলে আবেদন করলেও তা ২০১১ সালের ৩১ জানুয়ারি খারিজ হয়। আদালত অবমাননার রুলের ওপর শুনানি শেষে হাইকোর্ট আজ রায় দেন। মামলায় অপর দুজন অভিযুক্তকে অব্যাহতি দেয়া আদালত। আদালতে ফিরোজ আলমের পক্ষে আইনজীবী ছিলেন ফয়সাল এস খান ও মইনুদ্দীন। আর অপর দুজনের পক্ষে আইনজীবী ছিলেন এ এম আমিন উদ্দিন ও মিনহাজুল হক চৌধুরী। রায় নিয়ে অভিযুক্ত দুই ব্যক্তির আইনজীবী মিনহাজুল হক চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা যদি কোনো জেলা পরিদর্শন বা ভ্রমণে যান, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা আদালত ও জেলার অন্য কর্মকর্তারা কী ধরনের প্রটোকলব্যবস্থা দেবেন, সে বিষয়ে হাইকোর্ট সুনির্দিষ্ট চার দফা নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন, বিচারপতি পৌঁছানোর পর বা তাঁর অবস্থানস্থলে জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কর্মকর্তা থাকতে হবে। উপজেলা পর্যায়ে গেলে সে ক্ষেত্রেও আদালতের জাজিং চার্জ নেজারত বা আদালতের স্টাফ থাকতে হবে। ফেরার সময়ও জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ তাঁকে বিদায় জানাবেন বলা হয়েছে।