
মিথুন কুমারঃ আজ বসন্তের প্রথম দিন।আজ পহেলা ফাল্গুন। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই দুটি দিন রঙিন হয়ে ওঠে মানুষের মন। বাহারি সাজে সেজে ওঠে প্রকৃতি ও মানুষ। প্রকৃতি সাজবে তার নতুর রূপে। গাছে গাছে ফুল ফুটুক আর নাই-বা ফুটুক, বসন্ত তার নিজ রূপ মেলে ধরবেই। ফাগুনের আগুনে, মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হবে আজ।বাঙালির ইতিহাস আবেগের অন্যতম সেরা দিন। এ আবেগ যেমন মানুষে মানুষে ভালোবাসার, তেমনি মানুষের সঙ্গে প্রকৃতিরও বটে। দিন-ক্ষণ গুণে গুণে বসন্ত বরণের অপেক্ষায় থাকে বাঙালি।এই দিনটি রঙিন হয়ে ওঠে মন। এত রূপ, রস, আর লাবণ্য নিয়ে প্রকৃতিতে আর কোনো ঋতু হাজির হয় না। তাই বসন্তকে বলা হয় ঋতুরাজ। শীতের রুক্ষ, হিমেল দিনের অবসান ঘটিয়ে প্রকৃতিতে এসেছে বসন্ত। ঋতুরাজ বসন্তে প্রকৃতি সাজে নতুন রূপে।
শীতকে বিদায় জানানোর মধ্যদিয়েই বসন্ত বরণে চলবে ধুম আয়োজন। শীত চলে যায় রিক্ত হস্তে, আর বসন্ত আসে ফুলের ডালা সাজিয়ে। বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরা-জীর্ণতা।শীতে খোলসে ঢুবে থাকা বনবনানী অলৌকিক স্পর্শে জেগে উঠে বসন্তে।গাছে গাছে নতুন পাতা,ফুলের আগমন ঘটে।শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার আবাসে চারিদিক লাল হয়ে যায়।নারীরা বাসন্তি শাড়িতে নিজেকে নতুন রূপে সাজিয়ে তোলে।পুরুষ সাদা পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পড়ে ভিন্ন ভিন্ন ধরনের আর শিশুরা রং-বেরঙের পোশাকে সজ্জিত হয়।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ।সংস্কৃতির এক অপার নিদর্শন বসন্ত বরণ।ফুল ফুটুক আর না-ই ফুটুক, বসন্ত বরণে বাঙালি সব সময়ই সচেষ্ট।কারণ বসন্তের প্রাকলগ্নে আমের বাগানে দেখা যায় নতুন কলি।ফাল্গুনের প্রথম প্রহরে রক্তিম লালিমা নিয়ে সূর্য প্রকৃতিকে নবরূপে সজ্জিত করে।কোকিলের কুহুকুহু সুরে মুখরিত হয় চারপাশ।তাই বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বসন্ত মানে একে অপরের হাত ধরে হাঁটা। মিলনের ঋতু বসন্তই মনকে সাজায় বাসন্তী রঙে, মানুষকে করে আনমনা।এভাবে বাঙালি তার চিরায়িত ভাললাগা ভালবাসা আর হৃদয়ের সব টুকু ভালবাসা দিয়ে বরণ করে বসন্তকে তাই বসন্ত ঋতুরাজ আর তার প্রথম মাস হচ্ছে ফাল্গুন। ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা।