
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটি-২০১৯ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটির সভাপতি র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং সাধারণ সম্পাদক ও ডিএমপি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-পুলিশ কমিশনার (ডিসি) প্রলয় কুমার জোয়ারদার।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ পুলিশ অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত সংগঠন হিসেবে গণতান্ত্রিক সমাজ ব্যবস্হা বিনির্মাণে স্বতন্ত্র ও স্বকীয়তায় ভাস্বর। বাংলাদেশ পুলিশ ক্রমান্বয়ে বর্ধমান, সতত প্রাগ্রসর, আধুনিক ও যুগের সঙ্গে পরিবর্তনশীল একটা সত্তা। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ পুলিশে কর্মরত ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন। ৭ ফেব্রুয়ারি সংগঠনের ৩৯তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বেনজীর আহমেদকে সভাপতি ও প্রলয় কুমার জোয়ারদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এর ধারাবাহিকতায় ১২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠিত হলো।