
নিউজ ডেস্কঃ আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ববি হাজ্জাজ। তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলামের সামনে প্রতিদ্বন্দ্বী রয়েছেন চারজন। ডিএনসিসিতে মেয়র পদ এবং ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল শনিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৮ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ববি হাজ্জাজ ছাড়াও দুই সিটির সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন মোট ৬৮ প্রার্থী। এরমধ্যে ঢাকা উত্তর সিটির ২০টি সাধারণ ওয়ার্ডে ৪০ জন ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে একজন এবং ঢাকা দক্ষিণ সিটির ১৮টি ওয়ার্ডে ২৬ জন ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে একজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ঢাকা উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে একজন প্রার্থিতা প্রত্যাহার করায় অপর প্রার্থী মুজিব সরোয়ার মাসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আজ রবিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে প্রচার।