News71.com
 Bangladesh
 09 Feb 19, 01:38 PM
 193           
 0
 09 Feb 19, 01:38 PM

উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি॥

উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি॥

নিউজ ডেস্কঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আজ শনিবার পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক জবাবদিহিমূলক ও শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় নেতা আনছার আলী দুলাল। বক্তৃতা করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, সজীব সরকার রতন, এ্যাপোলো জামালী, মাহমুদ হোসেন, শাহাদাৎ হোসেন খোকন, খলিলুর রহমান, স্নিগ্ধা সুলতানা ইভা, শেখ মো. শিমুল, ইমরান হোসেন, হালিমা খাতুন প্রমুখ।

সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, গত ৩০ ডিসেম্বরের নজিরবিহীন ভোট জালিয়াতি ও ভোট ডাকাতির পর নির্বাচনের সামান্যতম বিশ্বাসযোগ্যতাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলতে আর কিছুই অবশিষ্ট নেই। এই প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মত উপজেলা পরিষদ নির্বাচনও পুরোপুরি অর্থহীন হয়ে পড়েছে। সরকার ও নির্বাচন কমিশন মিলে গোটা নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সে কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনও জাতীয় নির্বাচনের মতো তামাশায় পর্যবসিত হতে যাচ্ছে। তাই উপজেলা পরিষদ নির্বাচন কার্যকারিতা হারিয়েছে। সভায় গৃহীত অপর এক প্রস্তাবে সড়ক দুর্ঘটনায় ধারাবাহিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, সড়কের নৈরাজ্যের কারণে বছরে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটছে। সড়কে এই নৈরাজ্য বন্ধ করে সড়ক নিরাপদ করতে কার্যকরি পদক্ষেপ নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন