
নিউজ ডেস্কঃ বিশ্ব সরকার সম্মেলনে (ডব্লিউজিএস) যোগ দিতে আগামীকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের মদিনাত জুমাইরাতে ১০-১২ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী ওই সম্মেলন হবে। এবারের সপ্তম ডব্লিউজিএস’র পৃষ্ঠপোষকতা করছেন সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও দুবাইয়ের প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।
১৪০টি দেশের ৪০০০ জনের বেশি শীর্ষ কর্মকর্তা, রাষ্ট্র ও সরকার প্রধান, ৩০টি আন্তর্জাতিক সংগঠন এবং উদ্যোক্তারা বিশ্বব্যাপী নাগরিকদের চাহিদাগুলো হ্রাস করে বিশ্বের ভবিষ্যতকে আকৃষ্ট করতে একত্রিত হবেন। নানা দেশের ৬০০ স্পিকার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ২০০'রও বেশি ইন্টারেক্টিভ সেশনে অংশ নেবেন। এছাড়া বিশ্বের অন্তত ১০০ জন মন্ত্রী, ১২০টিরও বেশি দেশের রাষ্ট্রপতি এবং নেতৃত্বস্থানীয় আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।