
নিউজ ডেস্কঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে দু’দেশের মধ্যে শিগগিরই তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ড. মনমোহন সিং। আজ বৃহস্পতিবার দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দিল্লি সফরকালে আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন। বৈঠকের শুরুতেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী। এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান ড. মনমোহন সিং। বৈঠকে ড. মনমোহন সিং বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থন রয়েছে। দু’দেশের মধ্যে তিস্তাসহ সব অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধান হবে বলে আশাকরি।