
নিউজ ডেস্কঃ আবেদনের ১০ দিনের মধ্যে ফিলিপাইনের ভিসা পাবেন বাংলাদেশের নাগরিকরা। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ফিলিপাইনের অনারারি কনসাল এমএ আউয়াল এ ঘোষণা দেন। এমএ আউয়াল বলেন, আমি অত্যন্ত আনন্দিত বাংলাদেশে ফিলিফাইনের ভিসা সহজে চালুর উদ্যোগ নিতে পেরেছি। এ কারণে চট্টগ্রামবাসীর জন্য আজকের এ অনুষ্ঠানটি একটি মাইলফলক। কেন না, প্রথমবারের মতো একটি দূতাবাস আমাদের দেশের জন্য ভিসা চালু করবে। আমরা জানি, ভারত ছাড়া আর কোনো দেশ চট্টগ্রামে ভিসা দেয় না। অন্য দেশের ভিসা পেতে হলে চট্টগ্রামের মানুষকে ঢাকা গিয়ে মূল্যবান সময় ব্যয়সহ নানা জটিলতায় পড়তে হয়।
তিনি বলেন, আবেদনের পর ভিসা পেতে সময় লাগবে মাত্র ১০ দিন। এছাড়া জরুরি ভিক্তিতে ফিলিপাইন ভিসা পেতে কনস্যুলেটের মাধ্যমে সেবা গ্রহণের সুযোগও পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন ফিলিপাইনের দূতাবাসের ভিসা অফিসার বার্লিন তলোসা। এসময় সেখানে ছিলেন ফিলিপাইনে অনারারি কনসালের চট্টগ্রামের প্রধান নির্বাহী শেখ হাবিবুর রহমান ও বেপজিয়ার চট্টগ্রামের সাধারণ সম্পাদক আজিজুল বারী চৌধুরী জিন্নাহ। আজ সন্ধ্যা ৭টায় নগরের হোটেল আগ্রাবাদে ভিসা সেন্টারের উদ্বোধন ‘করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্টদূত ভিসেন্তে ভিভেনসিও টি. বানদিল্লো।