News71.com
 Bangladesh
 05 Feb 19, 12:58 PM
 116           
 0
 05 Feb 19, 12:58 PM

একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স ও মেডিকেল কোর পাচ্ছে পুলিশ।  

একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স ও মেডিকেল কোর পাচ্ছে পুলিশ।   

নিউজ ডেস্কঃ একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স ও দীর্ঘদিনের দাবি মেডিকেল কোর পাচ্ছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার আয়োজিত পুলিশ কল্যাণ সভায় প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবি তুলে ধরেন পুলিশ সদস্যরা। প্রধানমন্ত্রী একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ ও মেডিকেল কোর গঠন করে দেয়ার আশ্বাস দেন। এছাড়া পুলিশের গাড়িচালক, ট্রাফিক পুলিশ ও বিউগল বাদকদের ভাতা বৃদ্ধি, পুলিশ সদস্যদের স্বামী-স্ত্রীর মৃত্যুর আগ পর্যন্ত রেশনসহ ৬টি দাবি মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী। পুলিশ সদস্যদের দাবি-দাওয়া বা অভাব-অভিযোগ সম্পর্কে সরকার প্রধানকে সরাসরি অবহিত করার জন্য তিন বছর ধরে এ কল্যাণ সভার আয়োজন করা হচ্ছে। এতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) থেকে কনস্টেবল পর্যন্ত সব পদের সদস্য ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় একজন করে কনস্টেবল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই), উপ-পরিদর্শক (এসআই), সার্জেন্ট, ইন্সপেক্টর (পরিদর্শক), সহকারী পুলিশ সুপার এসব দাবি দাওয়া তুলে ধরেন। কল্যাণ সভার শুরুতে ডিএমপির নারী কনস্টেবল নাজমুন্নাহার প্রধানমন্ত্রীর কাছে ক্রীড়া কমপ্লেক্সের দাবি জানান। ওই নারী পুলিশ সদস্য বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক স্বীকৃতি পাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমার পরিবারের অনেক সদস্য খেলাধুলার প্রতি আন্তরিক ছিল। আমিও খেলা পছন্দ করি। তাই পুলিশের জন্য ক্রীড়া কমপ্লেক্স করে দেয়া হবে বলে আশ্বাস দেন তিনি। ডিএমপির গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা সুমনকান্তি দাস মেডিকেল কোর স্থাপনের দাবি জানিয়ে বলেন, পুলিশ বাহিনীর জন্য আলাদা মেডিকেল কোর এখন সময়ের দাবি। সভায় অংশ নেয়া পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, একজন নারী সদস্য দাবি তুলে ধরে বক্তব্য দেন। পরে আরও কয়েক পুলিশ সদস্য কয়েকটি দাবি তুলে ধরেন।

তিনি বলেন, পুলিশের দীর্ঘদিনের দাবি মেডিকেল কোর গঠন করে দেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সভায় এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের নানা সুযোগ-সুবিধা বাড়লেও দীর্ঘদিন গাড়িচালক, ট্রাফিক পুলিশ ও পুলিশের বিউগল বাদকদের ভাতা বাড়েনি। একজন চালক বছরে মাত্র ৫০ টাকা, একজন বিউগল বাদক ১৫ টাকা, ট্রাফিক পুলিশ পায় ৭৫ টাকা। প্রধানমন্ত্রী শুনে অবাক হন। তাৎক্ষণিকভাবে ভাতা সমন্বয়ের নির্দেশনা দেন। সভায় অংশ নেয়া ডিএমপির আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কর্তব্যরত অবস্থায় আহত ও নিহত হলে ক্ষতিপূরণের টাকা বৃদ্ধিসহ ৬ দফা মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিএমপির নারী ট্রাফিক সার্জেন্ট সিলভিয়া ফেরদৌসী পুলিশ সদস্যদের জন্য ক্লিনিং ভাতাসহ কয়েকটি ভাতার টাকার পরিমাণ বাড়িয়ে দেয়ার অনুরোধ জানান। সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুড়িগ্রামের মাহবুবুর রহমান বলেন, পুলিশ পরিবারের দুই সদস্যকে আজীবন রেশন দেয়ার ব্যবস্থা করা হোক। উপ-পরিদর্শক (এসআই) এসবির কামরুজ্জামান, পুলিশ সদস্যদের যাদের ব্যক্তিগত যানবাহন নেই, বিশেষ করে মোটরসাইকেলের মেরামত ও ফুয়েল (তেল) খরচ সরকারিভাবে দেয়ার দাবি উত্থাপন করেন। গফরগাঁও থানার ওসি মো. আবদুল আহাদ খান কোনো অভিযানে আহত হলে এক লাখের পরিবর্তে ৪ লাখ আর নিহত হলে ৪ লাখের পরিবর্তে নিহতের পরিবারকে কমপক্ষে ৮ লাখ টাকা দেয়ার অনুরোধ জানান। আর কর্তব্যরত অবস্থায় আহত ও নিহত পুলিশ সদস্যের পরিবারকে ক্ষতিপূরণের ব্যাপারে তিনি বলেছেন, এটা গত বছরই বৃদ্ধির ঘোষণা দিয়েছি। যা আছে ডাবল হবে। অর্থাৎ আহত হলে ৪ লাখ আর নিহত হলে ৮ লাখ টাকা তিনি বাস্তবায়নের কথা বলেছেন। প্রধানমন্ত্রী পুলিশের সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করে দুর্নীতির বিষয়ে সতর্ক করেন পুলিশ সদস্যদের। তিনি বলেন, আমাদের সরকার বেতন বৃদ্ধিসহ অনেক সুযোগ-সুবিধা বাড়িয়েছে। তার সরকার দুর্নীতির বিষয়ে জিরো ট্রলারেন্স উল্লেখ করে তাই দুর্নীতির বিষয়ে কড়া সতর্ক করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন