
নিউজ ডেস্কঃ আসন্ন উপজেলা নির্বাচনে বাংলাদেশ ন্যাপ দলীয় ‘গাভী’ প্রতীকে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি। যুক্তফ্রন্টের অন্যতম শীর্ষ এ নেতা বলেন, আমরা আশা করি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে। আমরা উপজেলা নির্বাচনের সামগ্রিক বিষয় বিবেচনা করে প্রথমধাপের নির্বাচনে অংশ নিতে চাই।
আজ সোমবার বিকেলে নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বাংলাদেশ ন্যাপে যোগদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেবেল রহমান গানি। তিনি বলেন, উপজেলা নির্বাচন স্থানীয় উন্নয়ন, জনজীবনের সমস্যার প্রশ্নে স্থানীয় সরকারের সব নির্বাচনকে তৃণমূলের জনগণ একান্ত নিজের নির্বাচন বলে মনে করে। তাই তৃণমূল জনগণের গণতান্ত্রিক মনমানসিকতাকে সম্মান জানাতেই বাংলাদেশ ন্যাপ সব স্থানীয় নির্বাচনে অংশ নেবে। তিনি বিভিন্ন রাজনৈতিক দল থেকে বাংলাদেশের ন্যাপে যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।