
নিউজ ডেস্কঃ দেশে প্রতি বছর দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় যার মধ্যে মারা যায় ৯১ হাজার ৩০০ জন। ক্যান্সার সম্পর্কিত অনলাইন ডাটাবেজ গ্লোবোক্যানের এ তথ্যের ব্যাপারে দেশের চিকিৎসকেরা বলছেন, চিকিৎসার স্বল্পতাই এই অবস্থার জন্য দায়ী। এ সমস্যা দূর করতে তাদের পরামর্শ, ক্যান্সার রোগীর চিকিৎসায় পর্যাপ্ত সরকারি বাজেট বরাদ্দের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির দিকে মনোযোগ বাড়াতে হবে। আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। ২০০৮ সালে প্রথম এ দিবস পালন শুরু করে প্রথম ইন্টার-ন্যাশনাল ইউনিয়ন এগেইনেস্ট ক্যান্সার কন্ট্রোল (ইউআইসিসি)। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে– ‘আই অ্যাম অ্যান্ড আই উইল’। এ প্রতিপাদ্য সামনে রেখে ২০১৯-২০২১ সাল পর্যন্ত কাজ করবে ইউআইসিসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যমতে, ২০১৮ সালে বিশ্বে ৯ কোটি ৬ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। অথচ মোট আক্রান্তদের ৩০-৫০ ভাগের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। এদিকে, ২০১০ সালে ১ দশমিক এক ছয় ট্রিলিয়ন ইউএস ডলার ক্যান্সারের পেছনে খরচ হয়েছে।
গ্লোবোক্যানের তথ্যমতে, ২০১৮ সালে এক কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৯শ’ ৫৭ জন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৯৫ লাখ ৫৫ হাজার ২৭ জন। মারা যাওয়াদের মধ্যে ফুসফুস ক্যান্সারে মারা গেছে ১৭ লাখ ৮১ হাজার ৭ জন, যা মোট মৃত্যু সংখ্যার ১৮ দশমিক চার ভাগ, কোলোরেক্টাম ক্যান্সারে মারা গেছে ৮ লাখ ৮০ হাজার ৭শ’ ৯২ জন, যা মোট মৃত্যুর ৯ দশমিক ২ ভাগ, স্টোমাকের ক্যান্সারে মারা গেছে ৭ লাখ ৮২ হাজার ৬শ’ ৮৫ জন, যা মোট মৃত্যুর আট দশমিক দুই ভাগ, লিভার ক্যান্সারে মারা গেছে ৭ লাখ ৮১ হাজার ৬শ’ ৩১ জন, যা মোট মৃত্যুর আট দশমিক দুই ভাগ, ব্রেস্ট ক্যান্সারে ৬ লাখ ২৬ হাজার ৬শ’ ৭৯ জন মারা গেছে, যা মোট মৃত্যুর ৬ দশমিক ছয় ভাগ, ইসোফেগাস (খাদ্যনালী) ক্যান্সারে মারা গেছে ৫ লাখ ৮ হাজার ৫শ’ ৮৫ জন, যা মোট মৃত্যুর ৫ দশমিক তিন ভাগ, প্যানক্রিয়াস ক্যান্সারে ৪ লাখ ৩২ হাজার ২শ’ ৪২ জন মারা গেছে, যা মোট মৃত্যুর ৪ দশমিক ৫ ভাগ এবং অন্য ক্যান্সারে ৩৪ লাখ ২২ হাজার ৪শ ১৭ জন মারা গেছে, যা মোট মৃত্যুর ৩৫ দশমিক আট ভাগ।
আজ বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে আজ মহাখালী ক্যান্সার হাসপাতালে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। দিবসটি উপলক্ষে হাসপাতালের সিটি স্ক্যান, এমআরআই, লিকুইড অক্সিজেন প্ল্যান্ট এবং ডে-কেয়ার কেমোথেরাপির কিউ ম্যানেজমেন্ট সিস্টেম-এর উদ্বোধন করা হবে। এছাড়াও বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় এএমসিজিএইচ মিরপুর হাসপাতাল থেকে এক শোভাযাত্রা বের করা হবে। এছাড়াও পরেরদিন একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।